অ্যাকাডেমি পুরস্কারের অনুষ্ঠানে অন্যতম উপস্থাপক হিসেবে হাজির হয়ে আবারও নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে খ্যাতনামা স্প্যানিশ অভিনেতার পাশে দাঁড়িয়ে প্যালেস্টাইনকে মুক্ত করার দাবিতে তার বক্তব্য মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তবে শুধু বক্তব্যই নয়, ফ্যাশনেও সমানভাবে চর্চায় ছিলেন প্রিয়াঙ্কা।
রবিবার (১৫ মার্চ) লস অ্যাঞ্জেলসের ঐতিহ্যবাহী ডলবি থিয়েটারে সাদা অফ-শোল্ডার গাউনে ধরা দেন তিনি। কিন্তু তার সাজের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠে গলায় থাকা ‘স্নেক নেকলেস’।
প্রিয়াঙ্কার সর্পপ্রেমের নিদর্শন এই প্রথম নয়, এর আগেও পোশাক কিংবা গয়নায় সর্পিল প্যাটার্নের ডিজাইনে চোখ ধাঁধিয়েছেন তিনি। এবার অস্কারের গালিচাতেও তার ব্যতিক্রম হয়নি।

প্রিয়াঙ্কার এই ‘স্নেক নেকলেস’ ফ্যাশনজগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছি। এটি বিলাসবহুল ব্র্যান্ড ‘বুলগারি’র তৈরি ‘সার্পেন্টি ইলুসিও হাই জুয়েলারি নেকলেস’ যা তৈরি করতে সময় লেগেছে প্রায় ১৩০০ ঘণ্টা।
এই বিশেষ নেকলেসটি বুলগারির আইকনিক সর্পিল মোটিফে তৈরি, যা গলার চারপাশে অনেকটা বর্মের মতো শোভা পায়। এতে ব্যবহার করা হয়েছে ১৪ ক্যারেট মাদাগাস্কারের নীলকান্তমণি, রকমারি হিরে, বহুমূল্যের পান্না-গোমেদ যা একে আরও অনন্য করে তুলেছে।
অস্কারের মূল অনুষ্ঠান শেষে আফটার পার্টিতেও নজর কাড়েন প্রিয়াঙ্কা। রুপালি শিমারি গাউনের সঙ্গে লম্বা পশমের ভেইল পরে নতুন লুকে হাজির হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস। ফ্যাশন ও উপস্থিতি দুই ক্ষেত্রেই অস্কারের আসরে আবারও নিজের গ্ল্যামার প্রমাণ করলেন প্রিয়াঙ্কা চোপড়া।