
পিথুন নিশাংকার অনবদ্য অপরাজিত ১০০ রান আর গোটা শ্রীলঙ্কা দলের আগ্রাসী ক্রিকেট অস্ট্রেলিয়া নামের ক্রিকেট নক্ষত্রের পতন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। নিতান্তই দৈব দুর্ঘটনা হলে বি গ্রূপ থেকে শ্রীলংকার সঙ্গে গ্রূপ অফ এইট উত্তীর্ণ হবে জিম্বাবুয়ে। শ্রীলংকার ক্যান্ডি পালেকেলেতে অনুষ্ঠিত কালকের খেলায় ট্রাভেল হেড ৫৬ আর মিচেল মার্শের ৫৪ ঝড়ো সূচনার পরেও ১৮১ রানে ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া। জবাবে শ্রীলংকা পিথুন নিশাংকা ১০০* এবং কুশল মেন্ডিসের ৫১ রানের সুবাদে ১২ বল হাতে রেখে ১৮৪/২ করে ৮ উইকেটের বিশাল ব্যাবধানে জয়ী হয়। বি গ্ৰুপ থেকে নিশ্চিত হয় শ্রীলংকা দলের গ্রূপ অফ এইট খেলা। গ্রূপ পর্যায় থেকে ছিটকে পড়া অনেকটাই নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার। তিন ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দাঁড়িয়ে আছে চোরাবারিতে। শেষ খেলায় অস্ট্রেলিয়া জিতলেও জিম্বাবুয়েকে হারতে হবে আয়ারল্যান্ডের কাছে। এতো যদি কিছু দিয়ে সব সময় সব কিছু হয় না। নিজেদের খর্ব শক্তির দল নিয়ে অস্ট্রেলিয়া পর পর দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং শ্রীলংকার কাছে হেরে শূন্য হাতে দেশে ফেরার টিকেট প্রায় পেয়েই গেল।
অথচ কাল ট্রাভিস হেড (৫৬*) আর মিচেল মার্শ (৫৪) যখন সূচনায় ৮.৩ ওভারে ১০৪ রান তুলে নিয়েছিল মনে হয়েছিল ২০০ রান সহজেই পেরিয়ে যাবে ক্যাঙ্গারু বাহিনী। কিন্তু দেয়ালে পিঠ রেখে লড়াই করেই লংকান সিংহরা অস্ট্রেলিয়াকে ১৮১ রানে সীমিত রাখলো। দুর্বল অস্ট্রেলিয়া বোলিং মোকাবেলায় নিশাংকা (১০০*) মেন্ডিস (৫১) জুটি দ্রুত ৯৭ রান যোগ করলে ১২ বল হাতে রেখেই ৮ উইকেটে জয় পায় শ্রীলংকা।
অস্ট্রেলিয়া ১৮১ অল আউট (ট্রাভিস হেড ৫৬ , মিচেল মার্শ ৫৪, জস ইংলিশ ২৭, গ্লেন ম্যাক্সওয়েল ২২। দূষণ হেমন্ত ৩/৩৭, চামিরা ২/৩৬)
শ্রীলংকা ১৮৪/২ (পিথুন নিশাংকা ১০০*, কুশল মেন্ডিস ৫১)
শ্রীলংকা ৮ উইকেটে জয়ী
ম্যাচের সেরা: পিথুন নিশাংকা
কাল ঝড়ের গতিতে যখন মার্শ, হেড ব্যাটিং করছিল শ্রীলংকা তাঁবুতে সনৎ জয়াসুরিয়া আর ল্যাসিথ মালিঙ্গার চোখে মুখে ছিল হতাশার অভিব্যক্তি। কিন্তু মার্শ-হেড ফিরে যাবার পর অস্ট্রেলিয়া শ্রীলংকার আটো সাট বোলিংয়ে ইনিংসটা কাঙ্ক্ষিত নিশানায় নিতে পারেনি। ১৮১ রানে শেষ হওয়া অস্ট্রেলিয়া ইনিংস ২০-২৫ রান কম ছিল। শ্রীলংকার বোলার বিশেষত হেমন্ত (৩/৩৭) আর চামিরা (২/৩৬) নিয়ন্ত্রণের বাঁধ দিয়েছিল।মাত্র ৮.৩ ওভারে ১০৪ রান করেও ১৮১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।
শ্রীলংকান ইনিংসের সূচনায় কুশল পেরেরা দ্বিতীয় ওভারেই ১ রান করে ফিরে গেলেও অস্ট্রেলিয়ার দুর্বল বোলিং তুলোধুনো করে নিশাংকা-মেন্ডিস জুটি দলকে জয়ের পথে নিয়ে যায়। ৫২ বলে ১০ চার আর ৫ ছক্কায় সাজানো ম্যাচ জয়ী অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয় পিথুন নিশাংকা। অস্ট্রেলিয়া চলে যায় পতনের গিরিখাতের কিনারায়। অস্ট্রেলিয়া এবারের বিশ্ব কাপে বিপদে পড়বে সেটি কিন্তু টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে পাকিস্তান সফরে ধবল ধোলাই থেকেই অনুমান করা হয়েছিল। বিজয়ী শ্রীলংকা দলকে টুপি খোলা অভিনন্দন।
আমাদের বাংলাদেশ বিশ্বকাপে নেই, অস্ট্রেলিয়াও হেরে গেলো। এখন দেখতে হবে দক্ষিণ এশিয়ার দল ভারত, শ্রীলংকা, পাকিস্তান কতদূর কি করে।