এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে নারী ক্রিকেট দল

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে অংশ নিতে আজ বুধবার দেশ ছেড়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে প্রস্তুত লাল-সবুজের প্রতিনিধিরা।

এই প্রতিযোগিতাকে ঘিরে বড় পরিকল্পনা নিয়েই এগোচ্ছে বাংলাদেশ। শুধুমাত্র অংশগ্রহণ নয়, লক্ষ্য শিরোপা জয়। সেই ভাবনা থেকেই অভিজ্ঞ অলরাউন্ডার ফাহিমা খাতুনকে অধিনায়ক করে দল গঠন করা হয়েছে। তার নেতৃত্বে স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ ও উদীয়মান ক্রিকেটারদের সমন্বয়, যাতে প্রতিটি বিভাগে ভারসাম্য বজায় থাকে।

এই দলে বিশেষভাবে নজর থাকবে সাদিয়া আক্তারের দিকে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি জায়গা করে নিয়েছেন রাইজিং স্টার্স দলে। একই সঙ্গে জান্নাতুল ফেরদৌস সুমনার জন্যও এটি গুরুত্বপূর্ণ মঞ্চ। সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে সুযোগ না পাওয়া এই ক্রিকেটার ‘এ’ দলে ডাক পেয়ে আবারও জাতীয় দলে ফেরার বার্তা দিতে চাইবেন।

বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও স্বাগতিক থাইল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগ্রেসরা। ১৬ ফেব্রুয়ারি থাইল্যান্ড এবং ১৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার বিপক্ষে গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ খেলবে তারা। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। সবশেষ ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল, যেখানে নির্ধারিত হবে নতুন চ্যাম্পিয়ন।

বিশ্বকাপ নিশ্চিতের সাফল্য পেছনে রেখে এবার নতুন পরীক্ষায় নামছে বাংলাদেশ নারী দল। রাইজিং স্টার্স টুর্নামেন্টে তাদের পারফরম্যান্সই বলে দেবে, এশিয়ার মঞ্চে কতটা উজ্জ্বল হতে প্রস্তুত টাইগ্রেসরা।

বাংলাদেশ দল

ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল, সুমাইয়া আক্তার এবং ফাতেমা জাহান।

স্ট্যান্ডবাই: দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া এবং হাবিবা ইসলাম পিংকি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 + fourteen =