জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

জ্বালানি তেলের ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সকল পেট্রোল পাম্পে  ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। খবর বাসস

আজ শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের সকল পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ করবে।

ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ছাড়া অন্যান্য জেলা ও বিভাগীয় শহরে জেলা প্রশাসক একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন। আর উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণ তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।

ট্যাগ অফিসার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন। একইসঙ্গে তিনি প্রতিটি পাম্পের দৈনিক প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করে,  জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর বা সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 4 =