দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুপুর ১২টা পর্যন্ত নির্বাচনে ভোট প্রদানের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ। খবর বাসস

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, সকাল সাড়ে সাতটা থেকে ২৯৯ টি আসনের সবকটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোনো একটা কেন্দ্রেও বিলম্বের কারণ ঘটেনি।

ধানমন্ডির একটি কেন্দ্রে সকাল ৮টা ২০ মিনিটে নিজে ভোট দিয়েছেন উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘দুপুর ১২ টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১ টা কেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯ টা কেন্দ্রের খবর পেয়েছি সে অনুযায়ী ভোট প্রদানের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ।’

তিনি জানান, এবার তথ্য সংগ্রহের পদ্ধতি একটু চেঞ্জ করা হয়েছে। সে কারণে আমাদের লিড টাইমটা একটু বেশি লাগছে। কারণ আমরা অতীতে দেখেছি যে আপনার প্রিজাইডিং অফিসারের থেকে এটা তথ্য সংগ্রহ করতে গেলে সমস্যা হতো। সেই কারণে এবার এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে তথ্য সংগ্রহ করছি।

বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা জানা গেছে উল্লেখ করে সচিব বলেন, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোন ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়নি। সেগুলো এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

তিনি জানান, মেহেরপুরে ভোট দিয়ে ফেরত যাওয়ার পথে একটা মারামারির ঘটনা ঘটেছে। দু’জন আহত হয়েছেন, প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাসায় চলে গেছেন। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

স্বতঃস্ফূর্ততার জন্য ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তিনি এখনো যারা ভোট দেননি তাদের ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান।

গতকাল ভোররাতে ময়মনসিংহের একটি আসনের এক ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ইন্তেকাল করেছেন জানিয়ে সচিব তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। সেখানে আরেকজনকে দায়িত্ব দেয়া হয়েছে এবং ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten + fourteen =