বিশ্বকাপ সেমিফাইনাল: সমান-সমান দক্ষিণ আফ্রিকা-নিউ জিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মাত্র একবার করে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড। আগামীকাল আরও একবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামছে এই দু’দল। তাই বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় জয়ের স্বাদ নিয়ে ফাইনালে নাম লেখাতে চায় আইডেন মার্করাম ও মিচেল স্যান্টনারের দল।

দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল পরিসংখ্যান: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এর আগে তিনবার সেমিফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা। দু’বার হারলেও, একবার জয় পায় প্রোটিয়ারা।

২০০৯ সালের বিশ্বকাপে প্রথমবারের মত সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেমির বাঁধা টপকাতে পারেনি তারা। নটিংহ্যামের ঐ সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৭ রানে হেরে যায় প্রোটিয়ারা।

দুই আসর পর ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকা। এবারও সেমিতে থামে প্রোটিয়াদের বিশ্বকাপ যাত্রা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ভারতের কাছে ৬ উইকেটে হার মানে প্রোটিয়ারা।

দশ বছর পর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল উঠে দক্ষিণ আফ্রিকা। তৃতীয়বারের মত সেমিফাইনালে উঠে অবশেষে শেষ চারের লড়াইয়ে জয়ের দেখা পায় প্রোটিয়ারা। সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মত ফাইনালের টিকিট পায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ফাইনালে ভারতে কাছে ৭ রানে হারে প্রোটিয়ারা।

নিউ জিল্যান্ডের সেমিফাইনাল পরিসংখ্যান: টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার সেমিফাইনাল খেলেছে নিউ জিল্যান্ড। এরমধ্যে মাত্র একবার সেমিফাইনালে জিততে পারে কিউইরা।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই সেমিফাইনালে জায়গা করে নেয় নিউ জিল্যান্ড। কিন্তু সেমিতে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারে তারা। ২০১৬ সালের আসরে সেমিফাইনালে উঠলেও, জিততে পারেনি নিউ জিল্যান্ড। ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হারে তারা।

২০২১ সালে তৃতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠে সাফল্যের দেখা পায় নিউ জিল্যান্ড। ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠে তারা। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে যায় কিউইরা।

২০২২ সালেও সেমিফাইনালে উঠেছিল নিউ জিল্যান্ড। এবার আর শেষ চারের বাঁধা টপকাতে পারেনি তারা। সেমিতে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারে কিউইরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two + four =