‘মাস্টার’ সিনেমার ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জয়

‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’ (আইএফএফআর) এর ৫৫তম আসরে মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’।

নেদারল্যান্ডসের রটারড্যাম শহর থেকে পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশি সমসাময়িক সিনেমার জন্য এক অনন্য মাইলফলক গড়ল।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পুরস্কার ঘোষণার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সিনেমাটির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম। ভিডিওতে দেখা যায়, নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো টিম।

জয়ের মুহূর্তের ভিডিও শেয়ার করে ক্যাপশনে বাঁধন লেখেন, ‘বাংলাদেশের জন্য এক অসাধারণ অর্জন। এই দুর্দান্ত ছবির অংশ হতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। কী অসাধারণ এক যাত্রা ছিল। রেজওয়ান শাহরিয়ার সুমিতকে ধন্যবাদ আমাদের উপর ভরসা করার জন্য।’

জাকিয়া বারী মম আনন্দঘন মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করে লেখেন, ‘আইএফএফআর’র ৫৫তম আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড উইনার সিনেমা ‘মাস্টার’।

সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার টানাপোড়েনকে ঘিরে। এতে বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া একজন আদর্শবাদী শিক্ষক জহিরের নৈতিক অবক্ষয় ও মানসিক পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে। ক্ষমতার হাতছানি কীভাবে একজন সাধারণ মানুষকে কর্তৃত্ববাদী করে তোলে, সেই মনস্তাত্ত্বিক জটিলতা এই সিনেমার মূল উপজীব্য।

আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ আরও অনেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 2 =