‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’র সিনেমাটি প্রথম থেকেই বিতর্কে ছিল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মুক্তি পেল ছবিটির দ্বিতীয় টিজার। হিংসা, রক্তারক্তি ও উদ্দাম যৌনতার দৃশ্য ধরা পড়ল টিজারে। নতুন ঝলক নিয়েও বিতর্কে দক্ষিণী তারকার এই ছবি।
এবার উগ্র পৌরুষ প্রদর্শনের অভিযোগ উঠল এই ছবির বিরুদ্ধে। ‘টক্সিক’ ছবিতে রয়েছে একাধিক নারী চরিত্র। নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া-সহ একাধিক নারী চরিত্র রয়েছে।
কিন্তু ছবির টিজারে কোথাও নেই নারী চরিত্র। টিজারে দেখা যায় তিনি কখনো রাগে হুঙ্কার দিচ্ছেন, ধূমপান করছেন, কখনো শয্যাসঙ্গিনীর সঙ্গে সঙ্গম করছেন, কখনো আবার হত্যালীলা চালাচ্ছেন। আবার তিনিই অন্যদের সুষ্ঠু আচরণ করার পরামর্শ দিচ্ছেন। মাঝেমধ্যে নারীদের দেখা গেলেও তাদের ঠাঁই কেবল যশের শয্যায়।
ছবির পরিচালক গীতু মোহনদাস। প্রশ্ন উঠছে নিজে নারী হয়েও কীভাবে এমন উগ্র পৌরুষের প্রচার করছেন উনি। এই একই প্রশ্ন উঠেছিল প্রথম ঝলক মুক্তির পরেও।
এক নেটিজেন কটাক্ষ করে লিখেছিলেন, ‘গাড়ির মধ্যে এক নারীর সঙ্গে সঙ্গম করতে করতে লড়াইয়ে নামছেন নায়ক। সঙ্গমের ফলে তিনি যেন আরও শক্তিশালী। তবে নারীর ভূমিকা ওইটুকুই। নারী হয়ে নারীদের ভালভাবেই প্রদর্শন করছেন নিজের ছবিতে।’