অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের দল ঘোষণা

দেশ সেরা খেলোয়াড়দের নিয়ে আনুষ্ঠানিকভাবে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

ভারতে নিরাপত্তার কারণে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ নেয়নি। ক্রিকেটারদের ক্রিকেটের সাথে সম্পৃক্ত রাখতেই এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

টুর্নামেন্টে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ নামে তিনটি দল অংশ নেবে। টুর্নামেন্টের প্রাইজমানি আড়াই কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

ধূমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। এছাড়া দুর্বার একাদশের নেতৃত্ব নাজমুল হোসেন শান্তকে এবং দুরন্ত একাদশের দলনেতা নির্বাচিত করা হয়েছে আকবর আলীকে।

ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং তার সহকারী হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের দেখভাল করবেন মিজানুর রহমান এবং তার সহকারী রাখা হয়েছে তুষার ইমরানকে। দুরন্ত একাদশের প্রধান কোচ হান্নান সরকার এবং তার সহকারী থাকবেন রাজিন সালেহ।

টুর্নামেন্টের সব ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।

গ্রুপ-পর্বের ম্যাচগুলো ৫, ৬ এবং ৭ ফেব্রুয়ারি এবং ৯ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচের আগে প্রতিদিন বিকেল ৪টা থেকে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

টুর্নামেন্টের জন্য টিকিটের দামও ঘোষণা করেছে বিসিবি। ইস্টার্ন গ্যালারির টিকিট ১০০ টাকা, নর্থ এবং সাউথ স্ট্যান্ডের টিকিট ২০০ টাকা, ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১ হাজার টাকায় বিক্রি হবে।

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের স্কোয়াড:

ধূমকেতু একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশ : আকবর আলি (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রকিবুল হোসেন, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen + 13 =