‘কবি চিতাবাঘ’ দেখতে সপরিবারে বেইলি রোডে প্রধানমন্ত্রী

রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সপরিবারে শিশুতোষ নাটক কবি চিতাবাঘ দেখতে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তারা শিশুতোষ নাটকটি দেখতে যান।

তারা সন্ধ্যা ৭টার দিকে সেখানে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে এসেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে ওনার সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে এসেছেন। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী এখানে এসেছেন। এখন ওনারা নাটক দেখছেন।”

প্রধানমন্ত্রী নাটক দেখতে এসেছে এ খবর ছড়িয়ে পড়লে মিলনায়তনে থাকা শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে ভিন্ন অনুভূতির সৃষ্টি হয় বলে তুলে ধরেন অতিরিক্ত প্রেস সচিব।

এর আগে গত ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেতে প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডির জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে গিয়েছিলেন। সেদিন ছিল শুক্রবার; তারা সন্ধ্যার শো দেখতে গিয়েছিলেন।

এবার বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে হঠাৎ সরকারপ্রধানের আগমনে শিশু শিল্পীসহ দর্শকদের হতচকিত হতে দেখা যায়। কাছ থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দেখে অনেককে খুশিতে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে যখন মঞ্চে ওঠেন তখন পুরো মিলনায়তনের দর্শকরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘‘বিনোদনের জন্য নাটক দেখতে নয়, মূলত প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা শিশু শিল্পীদের উৎসাহ দিতেই এখানে এসেছেন।

শিকড় চিলড্রেন থিয়েটারে প্রযোজনায় নওশিন আফসানা বৃষ্টির গল্প থেকে এ শিশুতোষ নাটকের নাট্যরুপ দিয়েছেন তপু চন্দ্র দাস।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে হঠাৎ বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে দেখে নাটকের শিশু শিল্পীদের খুশিতে উচ্ছ্বসিত হতে দেখা যায়। প্রধানমন্ত্রী, তার সহধর্মিনী ও কন্যা তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 2 =