
ভারত-শ্রীলংকায় আজ শুরু হচ্ছে আইসিসি আয়োজনে টি২০ বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ। মায়ের দেশ বাংলাদেশকে রাজনৈতিক কারণে বিশ্বকাপ বিসর্জন দিতে হয়েছে। না হয় আজ বাংলাদেশ কলকাতা ইডেন গার্ডেনসে মুখোমুখি হতো ওয়েস্ট ইন্ডিজের। পক্ষপাত দুষ্ট আইসিসি বাংলাদেশের যৌক্তিক অনুরোধ অবজ্ঞা করে অনৈতিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে সুযোগ দিয়েছে স্কটল্যান্ডকে।
ভগ্ন মন নিয়েই লিখছি এই প্রতিবেদন। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ভার্সনে ২০ দেশ ৪ গ্রূপে বিভক্ত হয়ে খেলছে। প্রতি গ্রূপে আছে ৫টি দল। লিগ পদ্ধতির খেলা শেষে প্রতি গ্ৰুপ থেকে দুটি করে ৮টি দল গ্রূপ অফ এইটে খেলবে।
ভারত শ্রীলংকার উইকেটগুলো চাইলেও অস্ট্রেলিয়ার মতো পেসি বাউন্সি অথবা ইংল্যান্ডের মতো সিমিং সুইংগিং হবে না। তবে আইপিএল পিএসএল, সিপিএল খেলার কারণে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড খেলোয়াড়েরা দক্ষিণ এশিয়ার উইকেট এবং পরিবেশের সঙ্গে অনেকটা ধাতস্ত।
আর টি২০ তাৎক্ষনিক মেজাজের খেলা। এখানে একটি বড় পার্টনারশিপ, একটি ইন্সপায়ার্ড বোলিং স্পেল খেলার ভাগ্য গড়ে দিতে পারে। তবুও ক্রিকেট বিশ্লেষকরা পূর্বাভাস দেয়। টিম এবং খেলোয়াড়দের সাম্প্রতিক ফর্ম, উইকেট পরিবেশ বিশ্লেষণ করে অনেকেই সেই কাজটি করছেন। দেখা যাক আমাদের বিশ্লেষণ থেকে কোথায় দাঁড়ায় এবারের ট্রফি লড়াই।
গ্রূপ এ: ভারত, পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র।
গ্রূপ বি: অস্ট্রেলিয়া, শ্রীলংকা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওমান।
গ্রূপ সি: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, ইতালি, নেপাল।
গ্রূপ ডি: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, ইউএই।
আমার বিবেচনায় গ্রূপ এ থেকে ভারত ও পাকিস্তান পরবর্তী রাউন্ডে যাবে। পাকিস্তান বাংলাদেশ নিয়ে আইসিসির একচোখা নীতির প্রতিবাদে এবং গত কিছুদিন যাবৎ ভারত পাকিস্তান ম্যাচে ভারত দলের অক্রিকেটীয় আচরণের কারণে ভারতের বিরুদ্ধে না খেলার ঘোষণা দিয়েছে। জানিনা শেষ মুহূর্তে বরফ গলবে কিনা।
ম্যাচটি না গড়ালেও পাকিস্তান ভারত হয়তো বিনা বাধায় দ্বিতীয় রাউন্ডে পৌঁছাবে। নামিবিয়া, নেদারল্যান্ড বা যুক্তরাষ্ট্র ভালো দল হলেও এদের কারো পক্ষেই পাকিস্তান বা ভারতকে টপকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সামর্থ আছে বলে মনে হয় না।
গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া, শ্রীলংকা দ্বিতীয় রাউন্ডে যাবার কথা। অস্ট্রেলিয়া যে কোন বৈষয়িক টুর্নামেন্টে ফেভারিট দল। আর শ্রীলংকার নিজেদের মাঠে খেলার সুবিধা। তবে গ্রূপে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে থাকায় আপসেট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
গ্রূপ সি তে বাংলাদেশ না থাকায় ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া সহজ হয়ে গাছে। মনে হয় না ইতালি, নেপাল বা স্কটল্যান্ড বাধা হয়ে দাঁড়াবে।
আমার মতে গ্রূপ ডি গ্রূপ অফ ডেথ। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান তিনটি দলেরই সামর্থ আছে গ্রূপ অফ এইট কেন সেমি ফাইনাল খেলার। কিন্তু আমার বিবেচনায় নিউ জিল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকা হয়তো একটির সঙ্গে দ্বিতীয় রাউন্ডে যাবে দক্ষিণ এশিয়ায় অভ্যস্ত আফগানিস্তান।
আমার বিবেচনায় গ্রূপ অফ আট হবে: ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলংকা/জিম্বাবুয়ে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা/নিউ জিল্যান্ড এবং আফগানিস্তান।
আমার বিশ্লেষণে সেমি ফাইনালে যাবার সম্ভাবনা ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা/আফগানিস্তানের।
এই পর্যায়ে এসে যে কোন দল ম্যাচ জিততে পারে। তবে ভারতের তুখোড় দলকে হারাতে হলে যে কোনো দলকে নির্দিষ্ট ম্যাচে জ্বলে উঠে সেরা খেলাটি খেতেই হবে। সেই দলটি হতে পারে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্ট প্রথম রাউন্ড পেরুলে পরবর্তী বিশ্লেষণ করবো।
বাংলাদেশি ক্রিকেট প্রেমিকদের জন্য কষ্ট লাগছে। খেলোয়াড়দের জন্য সমবেদনা। ভালো ফর্মে থেকেও ঘরের পাশে বিশ্বকাপ খেলা হলো না। ঘরের মাঠে টি২০ টুর্নামেন্ট খেলে দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে।