মোস্তাফিজকে ২ কোটি ৮১ লাখ টাকায় দলে নিল লাহোর কালান্দার্স

মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে পাকিস্তান সুপার লিগের  ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। এর আগেও ২০১৬ ও ২০১৮ মৌসুমে লাহোরের হয়ে খেলেছিলেন এই টাইগার পেসার। দীর্ঘ বিরতির পর আবারও পুরোনো ঠিকানায় ফিরলেন তিনি।

আনুষ্ঠানিক বিবৃতিতে লাহোর কালান্দার্স জানিয়েছে, বাংলাদেশের এই পেসার এখন তাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমেও আবেগঘন বার্তায় ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ‘আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান। ২০১৬ ও ২০১৮ সালে আমাদের সঙ্গে ছিলেন, এবার আবার পরিবারের মাঝে ফিরে এলেন। একবার কালান্দার্স, সবসময় কালান্দার্স।’

মুস্তাফিজকে দলে ভেড়াতে লাহোর কালান্দার্সের খরচ হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি ৮১ লাখ টাকার বেশি। এই অঙ্কে সরাসরি চুক্তিতে তাকে দলে নেওয়াই প্রমাণ করে ফ্র্যাঞ্চাইজিটির আস্থার জায়গা।

এর আগে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা। এই সিদ্ধান্ত ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়।

এরপর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত সফরে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবির অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। তারা বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।

এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে চার উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। সেই অভিজ্ঞতা এবং বর্তমান পারফরম্যান্স মিলিয়ে আবারও তাকে লাহোরের জার্সিতে দেখার অপেক্ষায় ভক্তরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve + seventeen =