ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শুরু হবে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শিরোনামে চলচ্চিত্র উৎসব। এই উৎসব চলবে টানা পাঁচ দিন।
উৎসবে খুবই সাশ্রয়ী মূল্যে সিনেমার টিকিট নির্ধারণ করা হয়েছে। প্রতিটি সিনেমার টিকিট মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। প্রতিদিন সকাল ৯টা থেকে টিএসসির প্রবেশমুখে টিকিট পাওয়া যাবে।
ঢাবির এই উৎসব সাজানো হয়েছে কালজয়ী পুরোনো ছবি ও সাম্প্রতিক সময়ের আলোচিত নতুন সিনেমার সমন্বয়ে। উৎসবজুড়ে প্রদর্শিত হবে ২০টি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।‘মেঘের অনেক রঙ’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘দেয়া নেয়া’র মতো ক্লাসিক ছবির পাশাপাশি প্রদর্শিত হবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’র মতো নতুন প্রজন্মের সিনেমা। এমনকি হলে মুক্তির অপেক্ষায় থাকা ছবিও থাকছে এবারের আয়োজনে।
৩ ফেব্রুয়ারি আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ দিয়ে শুরু হবে উৎসব। উদ্বোধনী দিন বাদে প্রতিদিন চারটি সময়সূচিতে সিনেমা দেখানো হবে। সেগুলো হলো সকাল ১০টা, দুপুর ১২টা ৩০ মিনিট, বেলা ৩টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
দ্বিতীয় দিন ৪ ফেব্রুয়ারি দেখা যাবে ‘দেয়া নেয়া’, ‘সূর্যকন্যা’, ‘চক্কর ৩০২’ এবং ‘তাণ্ডব’। ৫ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে ‘রূপবান’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘জয়া আর শারমিন’ এবং সদ্য শেষ হওয়া ঢাকা চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগে নির্বাচিত সেরা সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সিনেমাটি হলে মুক্তির অপেক্ষায় আছে।
৬ ফেব্রুয়ারি রয়েছে ‘মেঘের অনেক রঙ’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘নীলচক্র’ এবং ‘অন্যদিন’। ৭ ফেব্রুয়ারি দেখা যাবে, ‘হারমোনিয়াম’, ‘মুক্তির গান’, ‘এশা মার্ডার’ এবং গত বছরের আলোচিত সিনেমা ‘উৎসব’। উৎসবের শেষ দিন ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রদর্শিত হবে ‘নয়নের আলো’, দুপুর ১২টা ৩০ মিনিটে ‘ধর’। এদিন ৩টা ৩০ মিনিট থেকে প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা, ‘ময়া: দ্য নেম উই কল’, ‘জন্ম থেকে জ্বলছি’ এবং ‘ধ্যাৎ’।
উৎসব শেষ হবে পশ্চিমবঙ্গের আলোচিত সিনেমা ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ দিয়ে।