নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ব্র্যাক ব্যাংকের ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’, চলবে ১ মার্চ পর্যন্ত

ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬: নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য প্রসারে ও এসব পণ্যের বাজার সৃষ্টি করতে ব্র্যাক ব্যাংকের আয়োজনে তিন দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু হয়েছে।

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে চালু হওয়া এই মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত। চতুর্থবারের মতো আয়োজিত এই তারা উদ্যোক্তা মেলার পর্দা নামবে ১ মার্চ।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান। এসময় ব্র্যাক ব্যাংকের ইনডিপেন্ডেন্ট ডিরেক্টরস — লীলা রশিদ এবং আনিতা গাজী রহমান — উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এসময় উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন প্রান্তের ৮৮ জন নারী উদ্যোক্তা তাঁদের তৈরি দেশীয় পণ্য নিয়ে এই ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’-এ অংশ নিয়েছে। এই মেলায় অংশগ্রহণকারী বেশিরভাগ নারী উদ্যোক্তা উৎপাদন খাতে জড়িত, যারা দেশের ঐতিহ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রতিবারের মতো এবছরও নারী উদ্যোক্তাদের এই মেলায় অংশ নিতে নিজেদের কোনো খরচ হচ্ছে না, মেলার সব খরচ বহন করছে ব্র্যাক ব্যাংক।

মেলায় সম্ভাবনাময় নারী উদ্যোক্তারা বুটিক, হাতে সেলাই করা পোশাক, হাতে তৈরি কারুশিল্প, মাটি ও পাটের তৈরি পণ্য, প্রক্রিয়াজাত চামড়া-পণ্য, জামদানি ও মসলিনের পোশাক, খাদ্যপণ্য, অর্গানিক স্কিনকেয়ার আইটেম এবং বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ধরনের পণ্যের সমাহার নিয়ে হাজির হয়েছেন। এছাড়াও মেলায় আগতদের জন্য রাখা হয়েছে ইফতার ও ডিনার ফুড কোর্টসহ অন্যান্য স্টল।

নারী উদ্যোক্তাদের ডিজিটাল ইকোসিস্টেমে নিয়ে এসে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেওয়ার লক্ষ্যে মেলায় ব্র্যাক ব্যাংক কিউআর এবং কার্ড পেমেন্ট-সক্ষম প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। মেলায় কিউআর পেমেন্টের ক্ষেত্রে যেকোনো পণ্য কেনাকাটায় ক্রেতারা ২০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

এই মেলা নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং দেশের ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে পণ্য উদ্ভাবনের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়ে এসেছে। আয়োজনটি নারী উদ্যোক্তাদের পণ্যের বিক্রি বাড়াতে এবং চলমান ঈদ কেনাকাটার আবহে আরও বেশি গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়তা করবে।

প্রদর্শনী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “উন্নয়নের সম-অংশীদার হিসেবে ব্র্যাক ব্যাংক নারী উদ্যোক্তাদের পূর্ণ সম্ভাবনার বিকাশে সহায়তা করে। সে মূল্যবোধ থেকেই আমরা এই ‘তারা উদ্যোক্তা মেলা’র আয়োজন করেছি।”

তারেক রেফাত উল্লাহ খান আরো বলেন, “এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা একদিকে যেমন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে থাকা দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের সুযোগ পাচ্ছেন, অন্যদিকে নিজেরাও আর্থিকভাবে উপকৃত হচ্ছেন। বিশেষ করে মেলাটি ঈদের আগে হওয়ায় উদ্যোক্তাদের তৈরি পণ্য বিক্রি বাড়ার পাশাপাশি অনেক নতুন গ্রাহককেও আকৃষ্ট করছে। নারী উদ্যোক্তাদের উন্নয়ন, ক্ষমতায়ন ও তাঁদের পণ্যের প্রসারে প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্তে এরকম আরও অনেক মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 3 =