ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ (হুইপ) অর্ডার, ১৯৭২ (১৯৭২ এর পি.ও. ৬৪) এর আর্টিকেল ৩ (১) এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করিলেন।
এ ছাড়া আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ পাওয়া হুইপরা হলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ. বি. এম. আশরাফ উদ্দিন নিজান।
জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপগণ কাল মঙ্গলবার শপথ নিতে পারেন।