‘বাংলাদেশে যাব, ইনশাআল্লাহ দ্রুত’ সাকিবের আশাবাদ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক ইফতার অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান, খুব শিগগিরই বাংলাদেশে ফিরতে চান। সেই অনুষ্ঠানে উপস্থাপকের প্রশ্নের জবাবে কিংবদন্তি এই ক্রিকেটার সাফ জানিয়ে দিলেন, সুখবর। তিনি বলেন, ‘বাংলাদেশে যাব, ইনশাআল্লাহ দ্রুত। ইনশাআল্লাহ।’

দীর্ঘ সময় ধরেই দেশের বাইরে রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাবেক এই অধিনায়ক কবে দেশে ফিরবেন, সে বিষয়ে এতদিন স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এবার নিজেই দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।

সবশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশের হয়ে খেলেছিলেন সাকিব। এর আগে একই বছরের জুলাইয়ে ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে আর ফেরেননি তিনি। ওই সময় মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। কিন্তু জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়, যার মধ্যে হত্যা মামলাও রয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে তার দেশে ফেরার পথ অনিশ্চিত হয়ে পড়ে।

তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর সাকিবের দেশে ফেরার ইস্যুতে ইতিবাচক আলোচনার সূত্রপাত হয়।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই সাকিবকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। তারকা এই ক্রিকেটারের বিরুদ্ধে থাকা মামলার ফাইল নিয়েও কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে বোর্ড। ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে সাকিব সবশেষ খেলেছিলেন ২০২৪ সালের মে মাসে। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি।

প্রায় ১৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এই অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা নতুন করে আলোচনায় আসে চলতি বছরের ২৪ জানুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভার পর। এরপর নতুন সরকারের অধীনে বিষয়টি আরও গতি পায়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর জানান, সাকিবকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে রাষ্ট্র নমনীয় অবস্থানে রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর নিষ্পত্তি আগে হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি একটি পডকাস্টে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ক্রীড়া মন্ত্রণালয়ে ফাইল যাওয়ার পর বিষয়টি নিয়ে সরকারের আগ্রহ দেখা যাচ্ছে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদে জানিয়েছেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোর সত্যতা ও যৌক্তিকতা যাচাই করা হবে।

সেই প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ে ফাইল যাওয়ার পরে তাদের যে আগ্রহ এবং গতকাল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ৫ আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে, সেগুলোর যাচাই-বাছাই করা হবে। সত্যতা কতটুকু, কতটুকু সঠিক, কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক চেক করা হবে। সে ক্ষেত্রে আমরা একটা ইতিবাচক আবহ দেখতে পাচ্ছি। এখন শুধু সংক্ষেপে বলতে চাই, সাকিব আল হাসান আসবেন এবং আমরা উৎসবমুখর থাকব ইনশাআল্লাহ। বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু হবে। অপেক্ষা করছি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × three =