সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বলা প্রসঙ্গে মুখ খুললেন অপু

দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে ডাস্টবিনের সঙ্গে তুলনা করে চলচ্চিত্র অঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে এমন বিস্ফোরক মন্তব্যের পর নানা আলোচনা-সমালোচনা চলছে। এবার সেই মন্তব্যের কারণ জানালেন অপু বিশ্বাস।

সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন আপনারা একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি দেখেছেন। কিন্তু ২০১৬ সাল থেকে ইন্ডাস্ট্রিতে নোংরামি শুরু হয়েছে। আমার মনে হয়, ফিল্ম ইন্ডাস্ট্রি এখন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে।’

তার এমন মন্তব্যে অনেকে অবাক হয়েছেন, প্রকাশ করেছেন ক্ষোভ। অনেকেই বলছেন, কাজের অভাবে নাকি অপু মেজাজ হারিয়েছেন। আবার কারও মতে, অপু ঠিকই বলেছেন।

ইন্ড্রাস্টিকে ‘ডাস্টবিন’ বলা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘২০০৭ সালে আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, তখন কাজ দিয়েই প্রতিযোগিতা হতো। কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে কিসের কমপিটিশন হচ্ছে? যখন কোনো শিল্পী অনেক দিন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সকলের কাছে পরিচিতি অর্জন করেছেন তাকে সম্মান করা উচিত। তার ব্যক্তিগত বিষয়গুলো যখন নেতিবাচকভাবে সামনে আনা হয়, তখন চলচ্চিত্রের জায়গাটা নড়বড়ে হয়ে যায়। ওই জায়গা থেকে ডাস্টবিনের কথা বলেছি।’

সোশ্যাল মিডিয়ায় ‘কন্ট্রোভার্সি ট্রেন্ড’ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত সাত থেকে আট মাস যাবৎ নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে আড়াল করে রেখেছি। কারণ সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে যে ধরনের কন্ট্রোভার্সি হয়, আমার কথাগুলো যেভাবে বাজেভাবে উপস্থাপন করা হয়, এটা ভালো লাগে না।’

তবে সোশ্যাল মিডিয়ার ট্রলিং তার ব্যক্তিজীবনে কোনো প্রভাব পড়ে না বলে জানান অপু। তিনি বলেন, ‘যারা এসব করছে তারা আমাকে চেনে না। তারা আমাকে পর্দায় দেখে। আমি এই বিষয়গুলো উপভোগ করি। আমার কাজ সামনে এগিয়ে যাওয়া। আমি উপার্জন করি, সফলতার সঙ্গে চলি, ভালো আছি।’

এদিকে দীর্ঘ বিরতি কাটিয়ে সম্প্রতি দুই সিনেমা নিয়ে ফিরছেন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের থ্রিলার ও মার্ডার মিস্ট্রি গল্পে নির্মিত ‘দুর্বার’ ও বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ছবিতে দেখা যাবে অপু বিশ্বাসকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × two =