দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ইউজিসির চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত

সরকার ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। খবর বাসস

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।’

মন্ত্রী মিলন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অধ্যাপক এস এম এ ফায়েজ অব্যাহতি চেয়ে আবেদন করায় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, আরও ছয়টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইস উদ্দিন।

আর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ-উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক মো. মাসউদ আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক মো. আল ফোরকানকে দায়িত্ব দেওয়ার জন্য মনোনীত করেছে সরকার।

শিক্ষামন্ত্রী বলেন, শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে শীর্ষ পদটি শূন্য হওয়ার প্রক্রিয়া শুরু হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে এই নিয়োগগুলো চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।’

সাংবাদ সম্মেলনে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 + ten =