বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবর বাসস
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। শফিক আহমেদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।
তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক বলেন, শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন।
শফিক আহমেদ ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৯৩৭ সালে তার জন্ম। ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সাল পর্যন্ত টেকনোক্র্যাট হিসেবে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন।