বিশ্বকাপ শেষ টিম্বারের, বড় ধাক্কা খেল নেদারল্যান্ডস

ফুটবল বিশ্বকাপ শুরুর তিনদিন আগে বড় ধাক্কা খেল নেদারল্যান্ডস। কুঁচকির ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নেদারল্যান্ডস ডিফেন্ডার ইউরিয়েন টিম্বার। খবর বাসস

নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) গতকাল এক বিবৃতিতে জানায়, ‘কুঁচকির ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে পারেননি ২৪ বছর বয়সি টিম্বার। মেডিকেল স্টাফদের সঙ্গে আলোচনা করে এই ডিফেন্ডারকে বিশ্বকাপে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উজবেকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর নেদারল্যান্ডসের প্রাক-প্রস্তুতি শিবির ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন টিম্বার।’

২০২১ সালের জুনে অভিষেকের পর নেদারল্যান্ডসের হয়ে ২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টিম্বার। আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে ছন্দে থাকলেও, বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হলো না তার।

টিম্বারের পরিবর্তে নেদারল্যান্ডস বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ২৫ বছর বয়সি ফুটবলার লুটশারেল গেরট্রুইডা।

বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস। এই গ্রুপে ডাচদের প্রতিপক্ষ জাপান, সুইডেন ও তিউনিসিয়া।

১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নেদারল্যান্ডস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen + ten =