সাহসী লড়াই করেও অভিষেক ম্যাচে পারল না জর্ডান, বিশ্বকাপে জয় পেল অস্ট্রিয়া

সালেক সুফী

অস্ট্রিয়া ৩ : ১ জর্ডান

ফিফা র‍্যাঙ্কিং: অস্ট্রিয়া (২৪) | জর্ডান (৬৫)

বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া জর্ডান জি গ্রুপের প্রথম ম্যাচে পূর্ব ইউরোপের শক্তিশালী দল অস্ট্রিয়ার মুখোমুখি হয়েছিল। অভিষেক ম্যাচে নবাগত দলটি বেশ কিছু সময় পর্যন্ত সমানতালে লড়াই করলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও মানসিক চাপের কাছে হার মেনে ৩-১ গোলে পরাজিত হয়েছে।

সান ফ্রান্সিসকো বে অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে অস্ট্রিয়া। ম্যাচের ২০তম মিনিটে রোমানো স্মিড গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

তবে সহজে হার মানেনি জর্ডান। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৫০তম মিনিটে নুর আল-রাওয়াবদেহ গোল করে ম্যাচে সমতা ফেরান (১-১)। এতে কিছু সময়ের জন্য ম্যাচে ফিরে আসে জর্ডান এবং নিজেদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে।

কিন্তু অভিজ্ঞতার ঘাটতি শেষ পর্যন্ত তাদের বিপদে ফেলে। ৭৬তম মিনিটে কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ইয়াজান আল-আরব। আত্মঘাতী সেই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রিয়া।

এরপর ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে সেলিম ওবাইদের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় অস্ট্রিয়া। সুযোগটি কাজে লাগিয়ে গোল করেন অভিজ্ঞ স্ট্রাইকার মার্কো আরনাউতোভিচ। তাতেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় অস্ট্রিয়ার।

জি গ্রুপের অন্য ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলে আলজেরিয়াকে পরাজিত করেছে আর্জেন্টিনা। সমান তিন পয়েন্ট পেলেও গোল ব্যবধানে আর্জেন্টিনার পর দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া। এখনই বলা যায়, গ্রুপ পর্ব থেকে তাদের পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল।

অন্যদিকে, আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের উপস্থিতিতে জর্ডানের জন্য নকআউট পর্বে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে তাদের বিশ্বকাপ যাত্রা প্রথম রাউন্ডেই শেষ হওয়ার আশঙ্কাই বেশি।

বিশ্ব ফুটবলের সৌন্দর্য এখানেই। গতকাল চারটি ম্যাচই ড্র হয়েছিল, আর আজ চার ম্যাচে হয়েছে মোট ১৬টি গোল।

আজকের দিনটি ছিল ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ এক উৎসবের দিন। জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি, বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে এবং গোলমেশিন আর্লিং হাল্যান্ড—তিনজনই নিজেদের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন।

বিশেষ করে মেসি-ভক্তদের জন্য দিনটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − 4 =