লড়াই করে বেলজিয়ামকে রুখে দিলো ইরান

বেলজিয়াম ০- ইরান ০

লস এঞ্জেলসে জি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দন্ত লড়াই করে বেলজিয়ামকে রুখে দিয়ে ইরান বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। নিজেদের প্রথম ম্যাচে ইরান নিউজিলান্ডের সঙ্গে ২-২ সমতায় ম্যাচ শেষ করেছিল। বেলজিয়ামের সঙ্গে ০-০ সমতায় শেষ করে ২ ম্যাচে পয়েন্টস দাঁড়ালো ২। বেলজিয়াম প্রথম ম্যাচে ইজিপ্টের সঙ্গে ১-১ ড্র করে ওদের পয়েন্টস ২ ম্যাচে ২। এই গ্রুপ এখন উন্মুক্ত। নিউজিলান্ড-ইজিপ্ট ম্যাচের পর অনেকটা পরিষ্কার হয়ে যাবে কোনো দুটি বা তিনটি দল দ্বিতীয় রাউন্ডে যাবে।

শক্তিশালী বেলজিয়াম দলের বিরুদ্ধে ইরান রক্ষণভাগ বিশেষত গোলকিপার আলীরেজা বেইরানভান্দ অবিশ্বাস্য শক্তি দেখিয়েছে। ম্যাচজুড়ে আধিপত্য ধরে রেখেও জিততে পারেননি কেভিন ডি ব্রুইনা-থিবো কোর্তোয়ারা। ম্যাচে ২৩টি শট নিয়ে ৭টিই লক্ষ্যে রেখেছিল বেলজিয়াম।কিন্তু কোনোটিই ইরানের রক্ষণ ও গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করতে পারেনি। বেইরানভান্দ একাই ৭টি সেভ করেছেন। আমরা যারা ৭০ দশক ৮০ দশকে ঢাকা ফুটবলের নিয়মিত দর্শক ছিলাম তাদের আজ খেলা দেখে নাছের হেজাজি আর ইরানি খেলোয়াড়দের স্মৃতি মনে পড়েছে।

ম্যাচে গোল করার সুযোগ অবশ্য ইরানও পেয়েছিল। ৬৬ মিনিটে ডিফেন্ডার নাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ১০ জনের দলে পরিণত হয় বেলজিয়াম। এ সময় কয়েকবার বেলজিয়ামের গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইরান। গোল পায়নি। দুই অর্ধে বেলজিয়ামের হয়ে দারুণ দুটি সেভ করেছেন গোলকিপার থিবো কোর্তোয়া।

ম্যাচের প্রথম ৪৫ মিনিটে স্পষ্টতই আধিপত্য ছিল বেলজিয়ামের। একের পর এক আক্রমণে গিয়ে দারুণ কিছু সুযোগ তৈরি করেছেন লুকাকু-ডি ব্রুইনারা। যুদ্ধ মেজাজে খেলা ইরানি ডিফেন্স রুখে দিয়েছে। ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ প্রথমার্ধেই সেভ করেছেন ৪টি গোল।

ইরানও সুযোগ পেয়েছিল। একটি দারুণ সুযোগ এক প্রচেষ্টায়  রুখে দেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপর  ফ্রি-কিক থেকে ইরান বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয় গোল। স্রোতের বিপরীতে দারুণ এক আক্রমণ শানায় ইরান। ডিফেন্ডার হোসেইন কানানি ঘুরে দাঁড়িয়ে নিচের কোণ লক্ষ্য করে দুর্দান্ত একটি শট নেন। বলটি প্রায় জালেই জড়িয়ে যাচ্ছিল, কিন্তু অসাধারণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে সেটি ঠেকিয়ে দেন কোর্তোয়া।

যোগ্য দল হিসাবেই মাঠের ভেতরে আর বাইরের পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে টিকে আছে ইরান। কুর্নিশ বীর ইরানিদের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 3 =