মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে শেষ বত্রিশে আর্জেন্টিনা, বিশ্বকাপে নতুন ইতিহাস

লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ বত্রিশ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।

সোমবার ডালাসে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে লিওনেল স্কালোনির দল। যদিও ম্যাচের শুরুতে পেনাল্টিসহ একাধিক সহজ সুযোগ হাতছাড়া করেন মেসি, শেষ পর্যন্ত তিনিই হয়ে ওঠেন ম্যাচের নায়ক।

ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি পেলেও সেটি কাজে লাগাতে পারেননি মেসি। এরপর প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ নষ্ট করেন তিনি। তবে ৩৮তম মিনিটে ফাকুন্দো মেদিনা ও থিয়াগো আলমাদার দুর্দান্ত সমন্বয়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টিনা অধিনায়ক।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৭-তে নিয়ে গিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন মেসি।

এছাড়া বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তিও গড়েন তিনি। এর আগে ১৯৫৮ সালে ফ্রান্সের জুস্ত ফঁতেন এবং ১৯৭০ সালে ব্রাজিলের জাইরজিনিয়ো এই রেকর্ড গড়েছিলেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার তেমন কোনো লক্ষণ দেখাতে পারেনি অস্ট্রিয়া। বরং যোগ করা সময়ে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোলটি করেন মেসি।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া। অন্যদিকে জর্ডান ও আলজেরিয়া এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচে করা পাঁচটি গোলের সবকটিই করেছেন মেসি। জাতীয় দলের হয়ে ২০১ ম্যাচে তার মোট গোলসংখ্যা এখন ১২২।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী রোববার সকালে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সময়ে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রিয়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + 10 =