‘রান্না-বান্না বা ঘরের কাজ শুধু নারীর দায়িত্ব নয়’- প্রচলিত ধারণার বিরুদ্ধে প্রিয়াঙ্কা চোপড়া

রান্না, ঘর পরিষ্কার কিংবা গৃহস্থালির অন্যান্য কাজকে শুধুমাত্র নারীর দায়িত্ব হিসেবে দেখার প্রচলিত সামাজিক ধারণার তীব্র সমালোচনা করেছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তাঁর ভাষায়, এসব কাজ নারী-পুরুষের দায়িত্ব নয়, বরং একজন প্রাপ্তবয়স্ক মানুষের মৌলিক জীবনদক্ষতার অংশ।

ফ্রান্সে অনুষ্ঠিত কান লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ক্রিয়েটিভিটি-তে এক আলোচনায় অংশ নিয়ে প্রিয়াঙ্কা বলেন, অনেক সমাজেই এখনও রান্না, ঘর পরিষ্কার এবং দৈনন্দিন গৃহস্থালির কাজকে নারীদের দায়িত্ব হিসেবে দেখা হয়। তবে এই মানসিকতা বদলানো প্রয়োজন। – এনডিটিভি।

তিনি বলেন, “রান্না বা ঘর পরিষ্কার নারীদের কাজ নয়। এগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক দায়িত্ব। অলসতাকে লিঙ্গের সঙ্গে গুলিয়ে ফেলবেন না।”

প্রিয়াঙ্কা আরও বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে চলচ্চিত্র নির্মাণ এখন আগের তুলনায় অনেক বেশি সহজলভ্য হয়েছে। একসময় চলচ্চিত্র শিল্পে প্রবেশ করা কঠিন ছিল, কিন্তু এখন যে কেউ নিজের গল্প ক্যামেরাবন্দি করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের সুযোগ পাচ্ছেন।

তিনি বলেন, “আপনার যদি কোনো গল্প বলার ইচ্ছা থাকে, তাহলে সেটি ধারণ করুন, ইউটিউবে প্রকাশ করুন। একটি ভালো গল্পই আপনাকে বিশ্বদর্শকের কাছে পৌঁছে দিতে পারে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকার জন্য এটি দারুণ একটি সময়।”

আট বছরের বিরতির পর প্রিয়াঙ্কা ভারতীয় সিনেমায় ফিরছেন পরিচালক এস এস রাজামৌলির নতুন চলচ্চিত্র ‘বারাণসী’-এর মাধ্যমে। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। ২০২৭ সালের এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 + nineteen =