ঢাকায় ফুটবল মাঠে শান্তি ও সৌহার্দ্যের বার্তা দিলেন ব্রাজিল-আর্জেন্টিনার রাষ্ট্রদূত

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬ শুক্রবার রাজধানী ঢাকায় শুরু হয়েছে। ‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনব্যাপী এই ফুটসাল টুর্নামেন্টে দেশি-বিদেশি মোট ১৬টি এয়ারলাইন্স অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত ফুটবলকে শান্তি, ঐক্য ও আন্তর্জাতিক বন্ধুত্বের শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করেন। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার।

ঢাকার গুলশান ইয়ুথ ক্লাব আর্টিফিশিয়াল ফুটবল টার্ফে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফের্নান্দো দিয়াস ফেরেস এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলের মানুষের কাছে ফুটবল কেবল একটি খেলা বা প্রতিযোগিতা নয়, এটি আনন্দ ও উদযাপনের প্রতীক। তিনি বলেন, জয় অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে খেলা উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, প্রিয় দলকে সমর্থন করতে হবে শান্তিপূর্ণ পরিবেশে। তাঁর ভাষায়, ফুটবল শান্তি ও সম্প্রীতির প্রতীক; প্রতিদ্বন্দ্বিতা মাঠেই সীমাবদ্ধ থাকা উচিত, মাঠের বাইরে নয়।

আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, ফুটবল বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং পারস্পরিক বন্ধুত্বকে আরও দৃঢ় করে। বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের জনগণের মধ্যকার সম্পর্কেও ফুটবল ইতিবাচক ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ফুটবল ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এবং তরুণ খেলোয়াড়রা তাদের স্বপ্ন পূরণের সুযোগ পাবে। একই সঙ্গে তিনি এ ধরনের আন্তর্জাতিক ক্রীড়া উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের প্রতি গভীর অনুরাগী। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট দেশের ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একদিন বাংলাদেশের জাতীয় ফুটবল দলও সমর্থকদের মধ্যে একই ধরনের আবেগ ও উন্মাদনা সৃষ্টি করতে সক্ষম হবে।

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্ক ওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাইদুবাই।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ, এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালক মো. আদনান রহমান। আয়োজকদের মতে, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর অংশগ্রহণে এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং এটি বিভিন্ন দেশের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের ফুটবলের বিকাশ এবং আন্তর্জাতিক ক্রীড়া বিনিময়কে উৎসাহিত করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 + seventeen =