ফিফা বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই আবারও আলোচনায় উঠে এসেছেন বলিউড তারকা নোরা ফাতেহি। ফুটবলের সর্বোচ্চ এই আসরের সঙ্গে দীর্ঘদিন ধরেই তার ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে। এবারের বিশ্বকাপেও উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্স, তার অফিসিয়াল ফিফা বিশ্বকাপ গান ‘Siir Siir’ এবং জনপ্রিয় সংগীত ‘Champions’-এর মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং যুক্তরাষ্ট্রের ডালাসে ভারতীয় সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাই নোরাকে আবেগাপ্লুত করেছে।

সম্প্রতি এক প্রতিক্রিয়ায় নোরা বলেন, এই অভিজ্ঞতা তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। তিনি বলেন, ঘরে বসে খেলা দেখার চেয়ে মাঠে উপস্থিত থেকে ইতিহাসের সাক্ষী হওয়ার অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। ভবিষ্যতে নিজের সন্তানদেরও এই অভিজ্ঞতার কথা জানাবেন বলে উল্লেখ করেন তিনি।
নোরা আরও জানান, স্টেডিয়ামে অনেক ভারতীয় সমর্থককে মরক্কোর জার্সি পরে দলটির সমর্থন করতে দেখে তিনি গভীরভাবে আবেগাপ্লুত হন। তারা তার সঙ্গে দেখা করেন, আলিঙ্গন করেন এবং ছবি তোলেন। এই ভালোবাসা তাকে গর্বিত করেছে এবং তার চোখে আনন্দের অশ্রু এনে দিয়েছে।
তিনি বলেন, “স্টেডিয়ামে অনেক ভারতীয়কে মরক্কোর জার্সি পরে মরক্কোর জন্য উল্লাস করতে দেখেছি। তারা এসে আমাকে জড়িয়ে ধরেছে, আমার সঙ্গে ছবি তুলেছে। মুহূর্তটি আমাকে ভীষণ গর্বিত করেছে। ভাষায় প্রকাশ করার মতো নয়। ডালাসে উপস্থিত থেকে যারা ভারতীয় হয়েও মরক্কোকে সমর্থন করছেন, তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই।”

মরক্কোতে জন্মসূত্রে শিকড় এবং ভারতে জনপ্রিয় ক্যারিয়ারের কারণে নোরা ফাতেহির সঙ্গে দুই দেশের মানুষেরই বিশেষ আবেগের সম্পর্ক রয়েছে। তার এই আন্তরিক প্রতিক্রিয়া ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ভক্তই এটিকে ফিফা বিশ্বকাপকে ঘিরে নোরার সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি হিসেবে উল্লেখ করছেন।