মেসিকে থামানোর ছক সুইজারল্যান্ডের, কঠিন পরীক্ষার অপেক্ষায় আর্জেন্টিনা

বিশ্বকাপের নকআউট পর্বে টানা দুই কঠিন লড়াই পেরিয়ে এবার রক্ষণভাগে দুর্ভেদ্য সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার কানসাস সিটিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিকে আটকে রাখাই হবে সুইসদের প্রধান লক্ষ্য।

শেষ ৩২-এ কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে এবং শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলের সুযোগ তৈরি করা আরও কঠিন হবে বলে মনে করা হচ্ছে। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে মাত্র তিনটি গোল হজম করেছে ইউরোপের দলটি।

মিসরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের পর অধিনায়ক লিওনেল মেসি বলেন, ‘বিশ্বকাপের নকআউট ম্যাচে ২-০ ব্যবধান থেকে ফিরে আসা সহজ নয়। এখনকার ফুটবলে কোনো দলই সহজে সুযোগ দেয় না। তবে সৌভাগ্যবশত আমরা আবারও সেটা করতে পেরেছি।’

৩৯ বছর বয়সী মেসি চলতি বিশ্বকাপে আট গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন ২১, যা একটি রেকর্ড।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘মেসি কখনো হাল ছাড়ে না। বারবার চেষ্টা করে যায়। তরুণ ফুটবলারদের জন্য সে একটি আদর্শ।’

অন্যদিকে সুইজারল্যান্ড অধিনায়ক গ্রানিত জাকা স্বীকার করেছেন, পুরো ৯০ মিনিট মেসিকে আটকে রাখা সহজ হবে না। তবে তিনি বলেন, ‘আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে হবে, রক্ষণকে সুশৃঙ্খল রাখতে হবে এবং তাকে খেলার জায়গা দেওয়া যাবে না। আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব।’

সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জিও আত্মবিশ্বাসী। তার ভাষায়, ‘আমরা যেকোনো প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারি। আর্জেন্টিনার বিপক্ষেও সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত আছি।’

১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলছে সুইজারল্যান্ড। পাঁচ ম্যাচে তারা করেছে ৯ গোল, আর হজম করেছে মাত্র ৩টি। শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে শেষ আট নিশ্চিত করে তারা।

তবে হাঁটুর চোটের কারণে টানা দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না সুইস মিডফিল্ডার জোহান মানজাম্বি। চলতি বিশ্বকাপে চার ম্যাচে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করা এই ফুটবলারের অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা।

এই ম্যাচের বিজয়ী আগামী বুধবার সেমিফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × four =