বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ থেকে ঢাকার কনসার্টে, দেশের দর্শকদের সামনে সঞ্জয় দেব

২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নজরকাড়া পরিবেশনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানো বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক, গায়ক ও ডিজে সঞ্জয় দেব এবার দেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করতে যাচ্ছেন।

আগামী ১৯ জুলাই রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিতব্য ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনে বিশেষ পরিবেশনা নিয়ে মঞ্চে উঠবেন তিনি। বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে অনুষ্ঠিত হবে তাঁর এই লাইভ শো।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয় দেব শুধু সংগীত পরিবেশন করেই নয়, পোশাকের মধ্য দিয়েও বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয় তুলে ধরে প্রশংসিত হন। তাঁর মেরুন রঙের স্যুটে ফুটে উঠেছিল রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের প্রতীক, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সঞ্জয় দেবের পরিবেশনায় যোগ দেবেন জনপ্রিয় ডিজে জুডু। বিশ্বকাপের আবহে আয়োজিত এ অনুষ্ঠানে দেশি-বিদেশি সংগীতের সমন্বয়ে দর্শকদের জন্য থাকছে বিশেষ আয়োজন।

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে ১৪ থেকে ১৯ জুলাই পর্যন্ত ছয় দিনব্যাপী চলবে ‘ফ্যান ফেস্ট ২.০’। প্রতিদিন বড় পর্দায় খেলা উপভোগের পাশাপাশি থাকছে কনসার্ট, ডিজে শো এবং নানা ধরনের বিনোদনমূলক আয়োজন।

উৎসবের বিভিন্ন দিনে আরও পারফর্ম করবেন ফিরোজ জং, ব্ল্যাক জ্যাং, তাসনিম আনিকা, মিলা ইসলাম, ডিজে সুমন, ডিজে তন্ময়, ডিজে রিশাদ, ডিজে তৃষা, ডিজে সানীসহ আরও অনেক শিল্পী।

বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেবের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন। তাঁর প্রযোজনায় গান গেয়েছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, হাবিব ওয়াহিদ, কনা ও জেফারসহ উপমহাদেশের বহু জনপ্রিয় শিল্পী।

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পর এবার দেশের মঞ্চে তাঁর প্রথম বড় পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen − 4 =