ঢাকা, ২৯ জুলাই ২০২৬: দেশের শিল্প খাতে চলমান গ্যাস সংকট ও অন্যান্য সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প উৎপাদন সচল রাখতে সরকারি সংস্থা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর সমাধান বের করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধানে গঠিত উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বৈঠকে তিনি শিল্প খাতের প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং বিদ্যমান সংকট দ্রুত নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে আরেকটি বৈঠক আয়োজনের নির্দেশ দেন। ওই বৈঠকে শিল্প খাতের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে গত ২২ জুলাই বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকাত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা, বিশেষ করে গ্যাস সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে উদ্বেগ তুলে ধরে।
ওই বৈঠকের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শিল্প খাতের সমস্যাগুলো পর্যালোচনা এবং সমাধানের জন্য সুপারিশ প্রণয়নে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের নির্দেশ দেন। বুধবার অনুষ্ঠিত সভাটি ছিল কমিটির প্রথম বৈঠক।
সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল শিল্পের বিদ্যমান সংকট সম্পর্কে অবগত এবং দ্রুত কার্যকর সমাধান নিশ্চিত করতে সরকার আন্তরিক। এ লক্ষ্যেই সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৈঠকে বিটিএমএর সভাপতি শওকাত আজিজ রাসেল শিল্প খাতের প্রধান চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়ায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি উৎপাদন ব্যয় বৃদ্ধি, সক্ষমতার অপূর্ণ ব্যবহার এবং অন্যান্য কাঠামোগত সমস্যার বিষয়েও তিনি বিস্তারিত তুলে ধরেন।
কমিটির সদস্য ও বিটিএমএ প্রতিনিধিরা শিল্প খাতের সংকট নিরসনে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন। বিটিএমএর পক্ষে পরিচালক মো. বাদশা মিয়া, সাবেক সহ-সভাপতি হোসেন মেহমুদ, সাবেক পরিচালক মো. মোশারফ হোসেন, প্রকৌশলী রাজীব হায়দারসহ অন্য প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।