সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী মেঘলা মুক্তা, আইসিইউতে চিকিৎসাধীন

ঢাকা, ২৯ জুলাই ২০২৬: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা তার জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন।

বুধবার (২৯ জুলাই) মেঘলা মুক্তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রশাসক (অ্যাডমিন) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তার জন্য দোয়া ও প্রার্থনা করবেন। আমরা তার সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি।”

এ সময় ভক্ত-অনুরাগী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব প্রচার না করার অনুরোধ জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা অভিনেত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই জানানো হবে।

এর আগে, গত ২৭ জুলাই মেঘলা মুক্তা নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তার ভেঙে যাওয়া মোবাইল ফোনের ছবি প্রকাশ করে জানান, ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি কয়েকদিন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকতে পারবেন না। জরুরি প্রয়োজনে সরাসরি ফোনে যোগাযোগ করার অনুরোধও জানিয়েছিলেন তিনি।

মেঘলা মুক্তা তেলেগু চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। ক্যারিয়ারের শুরুতে তিনি র‌্যাম্প মডেলিং, বিলবোর্ড এবং মিউজিক ভিডিওতে কাজ করেন। পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ এবং ‘আগুনের পাখি’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + five =