রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ – ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের স্মরণে আজ সারা দেশে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। খবর ইউএনবি

সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ও দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘জুলাই কর্নার’ উদ্বোধন, আলোচনা সভা, শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা এবং কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত।

দিবসটি উপলক্ষে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এদিকে, দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নগরজুড়ে টহল, চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৬ জুন সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে এবং দিনটিকে সরকারি ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 + six =