হরমুজে নৌ চলাচল স্বাভাবিক করতে অন্তর্বর্তী চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান একটি অন্তর্বর্তীকালীন চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। আঞ্চলিক দুটি সূত্র ও এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বুধবারই এ বিষয়ে চুক্তির ঘোষণা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। সূত্র: অ্যাক্সিওস

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনার মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং নতুন করে পারমাণবিক আলোচনা শুরু করার পরিবেশ তৈরি করা।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনার অংশ হিসেবে ওমান ও ইরানের মধ্যে প্রাথমিকভাবে ৬০ দিনের একটি অন্তর্বর্তী ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে, যা প্রয়োজনে পরে বাড়ানো যেতে পারে। পরিকল্পনা অনুযায়ী, উপসাগরমুখী জাহাজগুলো ইরানের জলসীমা ঘেঁষা উত্তর দিকের নৌপথ ব্যবহার করবে, আর উপসাগর থেকে বের হওয়া জাহাজগুলো চলবে ওমানের জলসীমা সংলগ্ন দক্ষিণ দিকের নৌপথ দিয়ে। পুরো ব্যবস্থাপনা হবে ইরান ও ওমানের সমন্বয়ে।

এ সময়ের মধ্যে জাহাজ চলাচলে কোনো টোল বা অতিরিক্ত ফি আরোপ করা হবে না। পাশাপাশি প্রণালির মধ্যবর্তী নৌপথে স্থাপিত নৌ-মাইন ৩০ দিনের মধ্যে অপসারণের উদ্যোগ নেওয়া হবে। মাইন অপসারণ শেষে ওই নৌপথ উভয়মুখী চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ ব্যবস্থার মাধ্যমে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যবস্থাপনায় ইরানের ভূমিকা আগের তুলনায় আরও গুরুত্বপূর্ণ হবে, যা তেহরানের অন্যতম দাবির আংশিক প্রতিফলন।

কূটনৈতিক সূত্রগুলোর দাবি, ওমান ও ইরানের পাশাপাশি কাতার, সৌদি আরব ও পাকিস্তানও মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত ছিল হোয়াইট হাউসও। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন দূত স্টিভ উইটকফ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির মধ্যে একাধিক দফা টেলিফোনে আলোচনা হয়েছে।

দুই আঞ্চলিক সূত্রের তথ্য অনুযায়ী, গত সপ্তাহান্তেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী নীতিগতভাবে প্রস্তাবে সম্মতি দেন। পরে দেশটির সর্বোচ্চ নেতৃত্ব এবং জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনের পর মঙ্গলবার চুক্তির বিষয়ে চূড়ান্ত সম্মতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + 10 =