নয়াদিল্লি: জৈববর্জ্য থেকে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন এবং আমদানিনির্ভর গ্যাসের ওপর নির্ভরতা কমাতে ২৩ হাজার ৭৩১ কোটি রুপি (প্রায় ২.৫ বিলিয়ন ডলার) ব্যয়ে জাতীয় সার্কুলার বায়োএনার্জি কর্মসূচি অনুমোদন করেছে ভারতের মন্ত্রিসভা।
‘গোবরধন’ নামে ১০ বছর মেয়াদি এ কর্মসূচির আওতায় কৃষি বর্জ্য, গোবর, চিনি শিল্পের প্রেসমাড, পৌরসভার জৈববর্জ্যসহ বিভিন্ন বায়োমাস থেকে কমপ্রেসড বায়োগ্যাস (CBG) উৎপাদন বাড়ানো হবে। সরকারের লক্ষ্য, দেশের ভবিষ্যৎ জ্বালানি মিশ্রণে CBG-কে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে প্রতিষ্ঠা করা।
কর্মসূচিতে গ্যাসের নিশ্চিত বাজার তৈরির পাশাপাশি প্রতি এমএমবিটিইউ ২,১১০ রুপি দরে CBG-এর জন্য মূল্য কাঠামো রাখা হয়েছে। নতুন প্রকল্পগুলো প্রতি টন-প্রতিদিন উৎপাদন সক্ষমতার বিপরীতে সর্বোচ্চ ২ কোটি রুপি পর্যন্ত মূলধনী সহায়তা পাবে। পাইপলাইন অবকাঠামো, ঋণ নিশ্চয়তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থাও থাকছে।
ভারতের প্রাকৃতিক গ্যাসের চাহিদা পরিবহন, আবাসিক, শিল্প ও বাণিজ্যিক খাতে দ্রুত বাড়ছে। দেশীয় উৎস থেকে CBG উৎপাদন বাড়িয়ে আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করাই কর্মসূচিটির অন্যতম লক্ষ্য।