চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

ঢাকা, ২৫ আগস্ট ২০২৬: চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি। খবর বাসস

মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে মন্ত্রণালয়।

নির্বাচনের তফসিল ও তারিখ নির্বাচন কমিশনই নির্ধারণ করবে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, ইসির সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।

পানি সরবরাহে ডেনমার্কের সহযোগিতা

ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনায় দেশটির সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায় বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতে ডেনমার্ক সহায়তা করবে। প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে দেশটি সাড়ে ৪ হাজার কোটি টাকা অর্থায়ন করবে।

এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ। ফলে এ অর্থায়ন সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করবে না বলে জানান প্রতিমন্ত্রী।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন প্রায় ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে বলে জানান তিনি।

এ ছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − one =