পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক বনায়ন জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

নওগাঁ, ৪ সেপ্টেম্বর ২০২৬: পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।

শুক্রবার নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের হাসুরা মৌজায় বৃহৎ বনায়ন কর্মসূচির আওতায় আয়োজিত চারা রোপণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সবুজ আচ্ছাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিকল্পিত বনায়ন আরও সম্প্রসারণ করা প্রয়োজন। খাড়ি, সড়ক ও অন্যান্য উন্মুক্ত স্থানের পাশে বৃক্ষরোপণ পরিবেশ উন্নয়নের পাশাপাশি মাটির ক্ষয় রোধ ও জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণে সহায়তা করে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণে বনায়ন ও বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

বৃহৎ বনায়ন কর্মসূচির আওতায় এলাকায় ২০ কিলোমিটার দীর্ঘ স্ট্রিপ বাগানে ১৫ প্রজাতির প্রায় ২০ হাজার চারা রোপণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ স্থানীয় পরিবেশের উন্নয়ন, সবুজ আচ্ছাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 3 =