অনিশ্চয়তার দোলা আর উত্তেজনার তুঙ্গে জোহানেসবার্গ টেস্ট

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম টেস্ট আজ চতুর্থ দিনে উপনীত। বজ্র বৃষ্টির কারণে কাল দ্বিতীয় আর তৃতীয় সেশন পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪০০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা করেছে ৩৮৬/৭। শেষ তিন উইকেট হাতে নিয়ে স্বাগতিক দল পিছিয়ে আছে ১৪ রানে।  দলের অধিনায়ক টেম্বা বাভুমা আহত হয়ে অবসর নিয়েছে। আবার ব্যাটিং করবে কিনা নিশ্চিত না। বাংলাদেশের হাতে নতুন বল।  সামনে প্রোটিয়ান লেজের সারির ব্যাটসম্যান। দলের বোলিং ট্রাম্প কার্ড হাসান মাহমুদ কনুইয়ের আঘাত নিয়েও বোলিং করছে। উইকেট কিন্তু অনেকটাই বোলিং সহায়ক হয়ে উঠছে। আজ সকালে দ্রুত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে দিয়ে যদি কঠিন উইকেটে সংগ্রাম করে ২২০-২৫০ টার্গেট ছুড়ে দিতে পারে তাহলে টেস্টের শেষ দিনে জমে উঠবে লড়াই। কিন্তু স্মরণে রাখতে হবে উইকেটে আছে ৫৬ রানে অপরাজিত  মিডেল অর্ডার ব্যাটসম্যান রায়ান রিকেলটন। দক্ষিণ আফ্রিকা যদি ৫০-৬০ রান এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ওদের হাতে চলে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হবে। মোট কথা টেস্ট ম্যাচটি চতুর্থ দিনে টেস্ট ক্রিকেটের সকল রূপ সুষমা আর আকর্ষণ নিয়ে উপস্থাপিত।

কাল যখন দিনের শুরু তখন বাংলাদেশের ৪০০ রানের জবাবে ২৮৭/৪ নিয়ে শুরু করা দক্ষিণ আফ্রিকা তখনও পিছিয়ে ছিল ১১৩ রানে। উইকেটে ছিলো হাসান মাহমুদের বলে উইকেট রক্ষক লিটন কুমার হাতে ০ রানে জীবন পাওয়া রায়ান রিকেলটন (৭*) আর অধিনায়ক টেম্বা বাভুমা (১৯*)। এই জুটি বাংলাদেশের ভালো বোলিং সাহসিকতার সঙ্গে সামাল দিয়ে স্কোর ৩৫৮ নিয়ে যাওয়ার পর পায়ের পেশির আঘাত নিয়ে ৪৯ রানে অবসর নেয় বাভুমা। অবশ্য এরই মাঝে কনুইয়ে আঘাতের কারণে কিছু সময় মাঠের বাইরে অবস্থান নিয়েছিল বাংলাদেশ বোলিংয়ের মূল অস্ত্র হাসান মাহমুদ। মেহেদী মিরাজের বলে রায়ান রিকেলটনের সহজ ক্যাচ ফেলে দিয়েছিল এই টেস্টে অভিষিক্ত মাহফিজুল। যাই হোক দ্বিতীয় নতুন বলে মুল্ডার আর জানসেনকে তাসকিন আর হার্মারকে হাসান মাহমুদ দ্রুত ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরায়। উইকেটে অসম বাউন্স আর বাংলাদেশ তখন গোছালো বোলিং করে ছিল দারুন ছন্দে।

মধ্যাহ্ন বিরতির পর বজ্র বৃষ্টির কারণে দুই সেশন খেলা পরিত্যক্ত না হলে কিভাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হতো সেটি নিয়ে নিশ্চিত কিছু বলা সহজ না। হয়তো গুটিয়ে যেত, হয়তো এগিয়ে যেত দক্ষিণ আফ্রিকা। তবে কাল হয়তো ব্যাটিং করতে পারতো না টেম্বা বাভুমা। আজ যখন আবার শুরু করবে প্রোটিয়া বাহিনী তখন যদি বাভুমা আবার ব্যাটিং করতে পারে তখন হয়তো ম্যাচের হাওয়া ওদের অনুকূলে থাকবে। জানিনা হাসান মাহমুদ পুরোপুরি ম্যাচ ফিট কিনা।  এতো কিছু অনিশ্চয়তা নিয়ে চতুর্থ দিনে টেস্ট ম্যাচটি আছে নানা সমীকরণে। শেষ দুই দিন টেস্ট ক্রিকেটটি আছে অনাবিল আকর্ষণ আর উত্তেজনার পসরা সাজিয়ে। জানিনা কাল দুপুরের বজ্র বৃষ্টি শেষে আজ উইকেটের চরিত্র পাল্টে যাবে কিনা। এমনিতেই কিন্তু ফাটল গুলো স্পষ্ট হয়ে উঠছিল, বাউন্স ছিল অসম। বাংলাদেশের হাতে কিন্তু নতুন বল।  এখনো কিন্তু ম্যাচে বাংলাদেশ অথবা দক্ষিণ আফ্রিকার জয় এবং ড্র তিনটি সম্ভাবনা জেগে আছে।

এই ইনিংসে ইতিমধ্যে উইকেটের পেছনে ৬ ক্যাচ লুফে নিয়েছে লিটন কুমার দাস। ব্যাট হাতে অনবদ্ধ ১২০ রান করে শিশু কন্যার জন্মদিনে উপহার দেয়া লিটন ইতিমধ্যেই এই টেস্ট ম্যাচে উজ্জ্বল ভূমিকা রেখেছে।

তৃতীয় দিনশেষে সংক্ষিপ্ত স্কোরকার্ড 

বাংলাদেশ প্রথম ইনিংস: ৪০০ অল আউট  (তাওহীদ হৃদয় ১৩৭, লিটন কুমার দাস ১২০, তানজিদ হাসান তামিম ৬৭, মাহফিজুল ইসলাম ০, মোমিনুল ইসলাম  ০, মুশফিকুর রহিম  ০, কাগিসো রাবাদা ৫/৭০, ডান প্যাটারসন ৯২)

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৩৮৬/৭ উইকেট  (মারকুইস আকারমান ১৫৭, জুবায়ের হামজা ৮৩, রায়ান রিকেলটন ৫৬*, টেম্বা বাভুমা ৪৯* আহত অবসর, হাসান মাহমুদ ৪/৭২, তাসকিন আহমেদ ২/৮৮)

৩ উইকেট হাতে নিয়ে ১৪ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের বর্তমান বোলিং সেন্সেশন হাসান মাহমুদের ওয়ার্ক লোড নিয়ে টিমের ব্যাবস্থাপনা বিষয়ে প্রশ্ন উঠেছে। কেনো বিকল্প কিছু ভাবা হচ্ছে না। ভুল ব্যবস্থাপনায় নাহিদ রানা আহত হয়ে দীর্ঘ সময় খেলার বাইরে। এখন হাসান মাহমুদ একই পরিণতির শিকার হলে বিপদে পড়বে বাংলাদেশ। আবারো লিখছি এই টেস্টে এবাদতের পরিবর্তে বামহাতি শরিফুল খেললে বাড়তি লোড বহন করতে পারতো। সেই ক্ষেত্রে নাজমুল শান্ত সংক্ষিপ্ত অথচ কার্যকরী স্পেলে হাসান মাহমুদকে ব্যবহার করার সুযোগ পেতো।

যেভাবেই শেষ হোক না কেন দক্ষিণ আফ্রিকার ইনিংস বাংলাদেশকে কিন্তু দ্বিতীয় ইনিংসে নিজেদের নিবেদন করে সংগ্রামী ব্যাটিং করতে হবে। অভিষিক্ত মোফিজুল নিজেকে প্রমাণ করতে হবে, কিছুটা আস্থাহীন থাকা মমিনুলের জন্য কঠিন চ্যালেঞ্জ, ভালো ব্যাটিং করতে হবে শান্ত, মুশফিক আর মিরাজকে। হৃদয় আর লিটন কিন্তু প্রতি ইনিংস উদ্ধার করবে না। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৫০+ করতে পারলে ম্যাচ জয়ের দারুন অবস্থানে যেতে পারবে। ইতিহাস বলে জোহানেসবার্গ উইকেটে চতুর্থ বা পঞ্চম দিনে ব্যাটিং করা দারুন চ্যালেঞ্জিং।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − 7 =