অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় নয়, তথ্যভিত্তিক পরিকল্পনায় জোর বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

ঢাকা, ৩০ জুলাই ২০২৬: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অতীতের মতো অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয়ের সুযোগ আর দেওয়া হবে না। জাতীয় প্রয়োজন, অর্থনৈতিক যৌক্তিকতা এবং জনস্বার্থ বিবেচনায় প্রকল্প গ্রহণ ও অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে জ্বালানি ও বিদ্যুৎ খাতের দক্ষতা ও সাশ্রয় নিশ্চিত করতে গঠিত কমিটি এবং বিদ্যুৎ বিভাগের অননুমোদিত প্রকল্পসমূহ পর্যালোচনা ও অগ্রাধিকার নির্ধারণসংক্রান্ত দুটি পৃথক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।

জ্বালানি খাতের বৈঠকে প্রতিমন্ত্রী দেশের খনিজ সম্পদের একটি সমন্বিত ও আধুনিক তথ্যভিত্তিক মানচিত্র (ম্যাপিং) প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের কোথায় কী ধরনের খনিজ সম্পদ রয়েছে, তার একটি সুস্পষ্ট ও নির্ভুল চিত্র সরকারের হাতে থাকতে হবে। বর্তমানে বিভিন্ন সংস্থার কাছে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্লক ম্যাপ, ভূতাত্ত্বিক জরিপ ও অন্যান্য তথ্য একত্র করে একটি সমন্বিত জাতীয় ডাটাবেজ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ভূগর্ভস্থ সম্পদের অবস্থান ও সম্ভাবনা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকলে সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়বে এবং পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সহজ হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সারা দেশে অঞ্চলভিত্তিক জ্বালানির চাহিদা ও সরবরাহের বাস্তব চিত্র প্রস্তুত করতে হবে। কোথায় কী ধরনের ঘাটতি বা প্রতিবন্ধকতা রয়েছে তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দেশের প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ও টেকসই ব্যবহার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিদ্যুৎ বিভাগের অননুমোদিত প্রকল্প পর্যালোচনা বৈঠকে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও যৌক্তিকতা সম্পর্কে বিস্তারিত শুনেন। তিনি নির্দেশ দেন, প্রতিটি প্রকল্পের জনস্বার্থ, প্রয়োজনীয়তা এবং সেবার মান উন্নয়নে সম্ভাব্য অবদান বিবেচনা করে অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, অতীতে যেভাবে অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় প্রকল্পের মাধ্যমে জনগণের অর্থের অপচয় হয়েছে, তার পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। প্রকল্প অনুমোদনের আগে পূর্ণাঙ্গ কারিগরি, আর্থিক ও বাস্তবায়নসংক্রান্ত তথ্য উপস্থাপনেরও নির্দেশ দেন তিনি।

সেবামূলক এই খাতের সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

বৈঠকে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিদ্যুৎ খাতের বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 − five =