দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। মাত্র দুই বছর আগে গঠিত তার রাজনৈতিক দল ‘তামিঝাগা ভেত্রি কাঝাগম’ (টিভিকে) প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই জয় ছিনিয়ে নিয়েছে।
টানা পাঁচ দিনের রাজনৈতিক আলোচনা, জোট-সমীকরণ ও দফায় দফায় বৈঠকের পর অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি।
রবিবার (১০ মে) বিকেল ৩টা ১৫ মিনিটে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয়। এর মধ্য দিয়ে রাজ্যটির রাজনীতিতে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়।
সোমবার নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চমক সৃষ্টি হয়। কারণ, প্রায় ছয় দশক ধরে তামিলনাড়ুর রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী দুই প্রধান দ্রাবিড় দল ডিএমকে এবং এআইএডিএমকের দীর্ঘদিনের রাজনৈতিক দাপট ভেঙে দিয়েছে টিভিকে।
নির্বাচনের ফল প্রকাশের পর সরকার গঠনের লক্ষ্যে রাজ্যপালের সঙ্গে চার দফা বৈঠক করেন বিজয়। পাশাপাশি সম্ভাব্য মিত্রদের সঙ্গে চলে টানা আলোচনা। শেষ পর্যন্ত রাজনৈতিক সমঝোতা সম্পন্ন হওয়ায় সরকার গঠনের পথও পরিষ্কার হয়।