ইনজুরির কারণে দ্য হান্ড্রেডে অভিষেক হচ্ছে না মুস্তাফিজের

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ – হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় ইংল্যান্ডের জনপ্রিয় একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এর চলতি আসর থেকে ছিটকে গেছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। তবে চোট কাটিয়ে সময়মতো ফিট হতে না পারায় তার অভিষেক আপাতত হচ্ছে না।

মুস্তাফিজের দল বার্মিংহাম ফিনিক্স বৃহস্পতিবার তার টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুস্তাফিজের ছবি প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, চলতি আসরে তিনি খেলতে পারবেন না। শিগগিরই তার পরিবর্তে নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

সম্প্রতি জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মুস্তাফিজ। ওই ইনজুরির কারণে তিনি সিরিজের শেষ দুই ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পারেননি।

দ্য হান্ড্রেডে অংশ নেওয়ার লক্ষ্যে আগামী সোমবার তার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পরীক্ষার আগেই নিশ্চিত হয়ে যায়, ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় চলতি মৌসুমে তার পক্ষে টুর্নামেন্টে খেলা সম্ভব হবে না।

দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসর গত ২১ জুলাই শুরু হয়েছে। টুর্নামেন্টটি চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve + seventeen =