ইমপ্যাক্ট টিম ২০৫০ বোর্ডের সঙ্গে রসাটমের বৈঠক

সম্প্রতি রসাটমের আন্তর্জাতিক যুব উপদেষ্টা বোর্ড ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এর প্রথম বোর্ডের সদস্যরা রসাটমের ডিরেক্টর জেনারেল আলেক্সি লিখাচেভের সাথে এক বৈঠকে তাদের উত্তরসূরিদের সাথে পরিচয় করিয়ে দেন।

নতুন বোর্ড-এ স্থান পেয়েছেন বাংলাদেশ, ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, কিরগিজস্তান, রুয়ান্ডা, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া এবং উজবেকিস্তানের ১৩ জন তরুণ পেশাদার। নতুন এই বোর্ডে রয়েছেন তরুণ গবেষক, পারমাণবিক শিল্পের পেশাদার এবং যুব সংগঠনের নেতারা। একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে দ্বিতীয় বোর্ডটি নির্বাচন করা হয়েছে। ৫৮টি দেশের ২০৭ জন শক্ত প্রতিদ্বন্দ্বীদের মধ্য থেকে নতুন বোর্ডের সদস্যদের নির্বাচন করা হয়। বাংলাদেশ থেকে এই বোর্ডে স্থান পেয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিঃ এর এক তরুণ ও মেধাবী প্রযুক্তি কর্মকর্তা প্রমোদ চন্দ্র বৈদ্য।

রোসাটমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তাদের প্রথম বৈঠকে বোর্ডের সদস্যরা আগামী মাসগুলোতে তাদের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। পরিচ্ছন্ন, উদ্ভাবনী এবং উচ্চ-প্রযুক্তির খাত হিসেবে পারমাণবিক শিল্পের ক্রমবর্ধমান সুনাম থাকা সত্ত্বেও কেন অনেক তরুণ মেধাবী এখনও বিকল্প ক্যারিয়ারের পথ বেছে নিচ্ছেন, তা অন্বেষণ করতে তারা জাতীয় পর্যায়ে যুব সংলাপের আয়োজন করবেন।

এই সংলাপগুলোর ফলাফল আন্টালিয়ায় অনুষ্ঠিতব্য কপ৩১ (COP31) জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে উপস্থাপন করা হবে, যেখানে বোর্ড আলেক্সি লিখাচেভের সাথে তাদের দ্বিতীয় দফায় বৈঠক অনুষ্ঠিত হবে। বোর্ডের সদস্যরা কপ৩১-এ ‘নিউক্লিয়ার ডে’-এর জন্য যুব কর্মসূচি প্রণয়ন করতে সহায়তা করবেন এবং আকুয়ু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ সাইট পরিদর্শন করবেন।

আলেক্সি লিখাচেভ তার বক্তব্যে বলেন, “পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের বিষয়ে আন্তর্জাতিক যুব সংলাপের রূপরেখা তৈরিতে নতুন ইমপ্যাক্ট টিম ২০৫০ বোর্ডের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা আপনাদের কাছ থেকে সাহসী আইডিয়া প্রত্যাশা করছি এবং বিশ্বব্যাপী বিস্তৃত আমাদের বিশেষজ্ঞদের মাধ্যমে আপনাদের উদ্যোগগুলোকে সমর্থন জানাতে প্রস্তুত আছি।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 1 =