একচেটিয়া খেলায় ওমানকে বিদ্ধস্ত করলো জিম্বাবুয়ে

কলম্বো সিংহলিজ ক্লাব মাঠে বি গ্ৰুপের খেলায় আজ সোমবার ওমান জিম্বাবুয়ের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি। প্রথমে ব্যাটিং করে ওমান ১৯.৫ ওভারে ১০৩ রানে গুটিয়ে যাবার পর হেসেখেলেই ১৩.৩ ওভারে ১০৬/২ করে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে। এই গ্রূপের বাকি দলগুলো অস্ট্রেলিয়া, শ্রীলংকা আর আয়ারল্যান্ড। গ্রূপের প্রথম ম্যাচে শ্রীলংকা আয়ারল্যান্ডকে হারিয়েছে। আজ জিম্বাবুয়ের বিশাল জয় রান রেটে ওদের এগিয়ে রাখবে। গ্রূপ থেকে পরবর্তী রাউন্ডে উন্নীত হতে রান রেট গুরুত্বপূর্ণ হয়ে উঠতেও পারে।

প্রথম ব্যাটিং করে ওমান জিম্বাবুয়ের তুখোড় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি। ব্লেসিং মুজারামবানি (৩/১৬), রিচার্ড ইংগ্রাভা (৩/১৭), ব্র্যাড এভান্স (৩/১৮) ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে মুড়ি মুড়কির মত ঝরে পরে উইকেট। ২৭ রানে ৫ উইকেট হারানো ওমান মাথা তুলে দাঁড়াতেই পারেনি। সুফিয়ান মাহমুদ ( ২৫) আর ভিনায়াক শুক্লা (২৮) কিছুটা লড়াই করে দলের স্কোর ১০০ পেরিয়ে যায়।

সহজ টার্গেট তাড়া করায় জিম্বাবুয়ের প্রাথমিক স্ট্রাটেজি মনে ধরেনি। রান রেটের একটি বিষয় থাকলেও তাড়াহুড়োর কোন প্রয়োজন ছিল না। সুফিয়ান মাহমুদ প্রথম ওভারেই উপর্যুপুরি দুই উইকেট তুলে নিলে খেলায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। ৩০/২ অবস্থান থেকে ব্রায়ান বেনেট (৪৮*) আর ব্রেন্ডন টেইলর (৩১*) নিয়ন্ত্রিত ব্যাটিং করে ৩৯ বল হাতে রেখেই দলকে ৮ উইকেটে জয়ী করে।

জিম্বাবুয়ের এই বিশাল জয় গ্রূপের ত্রিমুখী যুদ্ধ (অস্ট্রেলিয়া, শ্রীলংকা, জিম্বাবুয়ে) জমিয়ে তুলেছে। এখান থেকে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ হবে। গ্রূপের অপর দল আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া বা জিম্বাবুয়েকে হারিয়ে দিলেও অবাক হবো না।

ওমান ১০৩ অল আউট (ভিনায়াক শুক্লা ২৮, সুফিয়ান মাহমুদ ২৫, নাদীম খান ২০, রিচার্ড এনগ্রাভা ৩/১৬। ব্লেসিং মুজারামবানি ৩/১৬, ব্রাড ইভান্স ৩/১৮)

জিম্বাবুয়ে ১০৬/২ (ব্রায়ান বেনেট ৪৮*, ব্রেন্ডন টেইলার ৩১, সুফিয়ান মাহমুদ ২/১২)

জিম্বাবুয়ে ৮ উইকেটে জয়ী

ম্যাচের সেরা খেলোয়াড়: ব্লেসিং মুজারামবানি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four + 4 =