কাংখিত বড় জয়ে ভারতের সেমি ফাইনাল স্বপ্ন টিকে রইলো

সালেক সুফী

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল ব্যাবধানে পরাজয় ভারতের বিশ্বকাপ স্বপ্ন নাড়িয়ে দিয়েছিলো। আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে ৭২ রানের বড় জয়ে কিছুটা হলেও আশার আলো দেখছে ভারত। সেমি ফাইনাল খেলতে হলে কলকাতার ইডেন গার্ডেনসে করো না হয় মরো ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। কাল প্রথমে ব্যাটিং করে জিম্বাবুয়ের ধরা ছোয়ার বাইরে ২৫৬/৪ করেছিল ভারত। জবাবে জিম্বাবুয়ে ইনিংস ১৮৪/৬ শেষ হলে ৭২ রানে জয়ী হয় ভারত। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ভূমিধস পরাজয়ের পর ভারত জুড়ে মাতম উঠেছিল। তার কিছুটা হলেও কাল প্রশমিত হয়েছে ভারত ভারতের মত খেলায়। সেমি ফাইনাল এখন নিশ্চিত হয়নি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঝাঁকুনি খাওয়াটা ভারতের জন্য ঘুম ভাঙার গান হয়ে থাকলে ভারত হয়ত শেষ খেলায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমি ফাইনালে যেতেও পারে। তবে সেটাও নির্ভর করবে কলকাতায় যদি ওয়েস্ট ইন্ডিজ ঘুরে না দাঁড়ায়। মোট কথা সেয়ানে সেয়ানে লড়াই হবে ওয়েস্ট ইন্ডিজ ভারত ম্যাচে।

ঈশান কিষানকে ৩ নম্বরে খেলিয়ে কাল সনজু স্যামসন আর অভিষেক শর্মাকে দিয়ে ইনিংস সুচনা করেছিল ভারত। শুভ লক্ষণ ফর্ম হারানো অভিষেক নিজেকে ফিরে পেয়েছে এই ম্যাচে। ৩০ বলে ৪ চার আর ৪ ছক্কায় সাজানো ৫৫ রানের ইনিংসটি ছিল স্বপ্রতিভ। ভালো ব্যাটিং করেছে ঈশান কিষান (৩৮), সূর্য কুমার যাদব (৩৩) এবং বিশেষ করে হার্দিক পান্ডিয়া (৫০*) আর তিলক ভার্মা (৪৪*)। ভারতের ব্যাটিংকে ক্রিকেট পরিভাষায় অল সিলিন্ডার ব্লেজিন বলা যেতে পারে। ভারতের সংগ্রহীত ২৫৬/৪ ম্যাচের ভাগ্যলিপি লিখে দিয়েছিলো। ভারতের লক্ষ্য ছিল বিশাল ব্যাবধানে জয়ী হয়ে রান রেট উন্নত করার।  তবে দিনের অপর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়ায় ভারতের সমীকরণ এখন অপেক্ষাকৃত সহজ হয়েছে। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ -ভারতের জয়ী দল এগিয়ে যাবে সেমি ফাইনালে।

ভারতের বিশাল স্কোর তাড়া করে জিম্বাবুয়ে মুষড়ে পরেনি। সামর্থের সব কিছু নিবেদন করে ১৮৪/৬ করারও কম অর্জন নয় ভারতের শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে। বিশেষ করে গোটা টুর্নামেন্টে ভালো ব্যাটিং করে নিজের জাত চেনানো ব্রায়ান বেনেটের অপরাজিত ৯৭ রানকে বাহবা দিতেই হবে। ভালো খেলেছে সিকান্দার রাজা (৩১)। তবে ভারতের বিশাল সংগ্রহ টপকে যাওয়া ছিল এক কথায় জিম্বাবুয়ের আওতার বাইরে। বীরের মতোই লড়েছে জিম্বাবুয়ে বলবো। ভারতের হয়ে আর্শদীপ সিংহ (৩/২৪) সফল হলেও অন্যদের বর্ণহীন মনে হয়েছে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড।

ভারত ২৫৬/৪ (অভিষেক শর্মা ৫৫, হার্দিক পান্ডিয়া ৫০*, তিলক ভার্মা ৪৪, ঈশান কিষান ৩৮, সূর্য কুমার যাদব ৩৩)

জিম্বাবুয়ে ১৮৪/৬ ( ব্রায়ান বেনেট ৯৭*, সিকান্দার রাজা ৩১, আর্শদীপ সিংহ ৩/২৪)

ভারত ৭২ রানে জয়ী। ম্যাচের সেরা খেলোয়াড়: হার্দিক পান্ডিয়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three − three =