কিংবদন্তি কান্ট্রি মিউজিক শিল্পী ডলি পার্টন মারা গেছেন

যুক্তরাষ্ট্রের কান্ট্রি মিউজিকের কিংবদন্তি শিল্পী ডলি পার্টন মারা গেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

টেনেসির দারিদ্র্যপীড়িত পরিবার থেকে উঠে এসে ‘জোলিন’ ও ‘৯ টু ৫’-এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে সাংস্কৃতিক আইকনে পরিণত হয়েছিলেন পার্টন। তবে তিনি শুধু গায়িকাই ছিলেন না—প্রায় ৩ হাজার গান লিখেছেন, হলিউডের বড় চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং নিজের অঙ্গরাজ্য টেনেসিসহ বিভিন্ন জায়গায় দাতব্য কাজে কোটি কোটি ডলার ব্যয় করেছেন।

ব্যবসায়ী হিসেবেও তিনি ছিলেন সফল। তার ব্যবসার পরিধিতে ছিল জনপ্রিয় ডলিউড থিম পার্ক, প্রসাধনী, পোষা প্রাণীর পোশাক, বেকিং মিক্স এমনকি ট্রাক স্টপও।

সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর জানিয়ে তার ভাতিজা ব্রায়ান সিভার বলেন, ডলি আলোয় জীবন কাটিয়েছেন এবং এখন যিশুর বাহুডোরে আছেন। পুরস্কারজয়ী এই শিল্পী প্রজন্মের পর প্রজন্মের গায়ক, গীতিকার, সংগীতশিল্পী ও স্বপ্নবাজদের জন্য নতুন দরজা খুলে দিয়েছিলেন।

পার্টনের তৃতীয় কাজিন ব্রেন্ট অ্যালেন এএফপিকে জানিয়েছেন, স্বল্প সময় ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর তার মৃত্যু হয়েছে।

১৯৪৬ সালে টেনেসির গ্রামীণ এলাকায় ১২ সন্তানের পরিবারে জন্ম ডলি পার্টনের। স্কুল শেষ করেই তিনি পাড়ি জমান সংগীতের শহর ন্যাশভিলে। মাত্র ২১ বছর বয়সেই ১৯৬৭ সালে জনপ্রিয় কান্ট্রি মিউজিক টেলিভিশন অনুষ্ঠান The Porter Wagoner Show-এ যোগ দিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে পরিচিতি পান।

ছয় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় ৩ হাজার গান লিখেছেন তিনি। এর মধ্যে ‘Jolene’, ‘Coat of Many Colors’ এবং ‘I Will Always Love You’ বিশেষভাবে উল্লেখযোগ্য। পরবর্তী সময়ে হুইটনি হিউস্টনের কণ্ঠে ‘I Will Always Love You’ আন্তর্জাতিকভাবে ব্যাপক জনপ্রিয়তা পায়।

৪৯টি স্টুডিও অ্যালবামসহ শতাধিক সংকলন ও যৌথ অ্যালবাম প্রকাশ করেছেন পার্টন। তার অসাধারণ অবদানের জন্য তিনি পেয়েছেন ‘কান্ট্রি মিউজিকের রানি’ খেতাব।

ডলি পার্টনের মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

পার্টনের স্বামী কার্ল ডিন গত বছর মারা যান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen − 11 =