কুসংস্কারের বিশ্বাসে বিশ্বকাপ ফাইনালে মাঠে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ ব্যক্তিদের উপস্থিত থাকার কথা থাকলেও নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি জানিয়েছেন, রাজধানী বুয়েনস আইরেসে প্রেসিডেন্টের সরকারি বাসভবন অলিভোস থেকেই ফাইনাল উপভোগ করবেন।

স্থানীয় রেডিও এল অবজারভাদর-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিলেই বলেন, টুর্নামেন্টে আর্জেন্টিনার আগের সব ম্যাচ তিনি সরকারি বাসভবন থেকেই দেখেছেন। একই রীতি বজায় রাখতেই এবারও মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, এর পেছনে কুসংস্কারের বিশ্বাসও কাজ করছে।

মিলেই আরও জানান, বিশ্বকাপ চলাকালে তিনি একটি নির্দিষ্ট জ্যাকেট পরে খেলা দেখছেন। তার দাবি, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে একবার জ্যাকেট খুলে ফেলতেই আর্জেন্টিনা গোল হজম করে। এরপর থেকে তিনি আর সেটি খোলেননি।

আর্জেন্টিনায় ফুটবলকে ঘিরে নানা ধরনের সৌভাগ্যের রীতি বা কুসংস্কার, যা স্থানীয়ভাবে ‘কাবালা’ নামে পরিচিত, দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। অনেক সমর্থক বিশ্বাস করেন, একই পোশাক পরা, একই জায়গায় বসে খেলা দেখা কিংবা নির্দিষ্ট রুটিন অনুসরণ করলে দলের সৌভাগ্য বজায় থাকে।

দেশটির রাজনৈতিক অঙ্গনেও এমন একটি অলিখিত প্রচলন রয়েছে। ১৯৯০ সালের বিশ্বকাপের পর থেকে দায়িত্বে থাকা কোনো আর্জেন্টাইন প্রেসিডেন্ট জাতীয় দলের বিশ্বকাপ ম্যাচে মাঠে উপস্থিত হননি। সে সময়ের প্রেসিডেন্ট কার্লোস মেনেমকে ঘিরে তৈরি হওয়া কুসংস্কার থেকেই এই রীতির সূচনা বলে দেশটির গণমাধ্যমে উল্লেখ করা হয়।

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে রোববার স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × four =