
গ্রুপ অফ এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে হোঁচট খেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ার আতংকে ছিল টুর্নামেন্ট ফেভারিট ভারত। কাল কলকাতা ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটি ছিল উভয় দলের বাঁচা-মরার লড়াই। তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে ৪ বল হাতে রেখে ৫ উইকেটে ম্যাচ জিতে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
টুর্নামেন্ট জুড়ে ভালো খেলতে থাকা ওয়েস্ট ইন্ডিজ আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ছন্দ হারিয়েছিল। কাল গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ব্যাটিং করে ১৯৫/৪ লড়াকু সংগ্রহ করেছিল। শুরুতে অভিষেক শর্মা (১০) আর ঈশান কিষানের (১০) উইকেট স্বল্প রানে তুলে নিয়ে চাপে রেখেছিল ভারতকে।
কাল ভারতের ত্রাতা ছিল সানজু স্যামসং। গুরুত্বপূর্ণ ম্যাচে ৫০ বলে অপরাজিত ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে ৫ উইকেটের জয় উপহার দেয় ত্রিভান্দ্রামে জন্ম নেয়া সানজু। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ডের পর চতুর্থ দল হিসাবে সেমি ফাইনালে পৌঁছে ভারত। সেমি ফাইনালে ভারত খেলবে y গ্রুপের শীর্ষ দল ইংল্যান্ডের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার প্রতিদ্বন্দ্বী নিউ জিল্যান্ড। বলা যেতেই পারে অনেক নাটকীয়তার পর টুর্নামেন্টের সেরা চারটি দল শেষ পর্যন্ত সেমি ফাইনালে পৌঁছালো।
কালকের ম্যাচ জুড়ে সোশ্যাল মিডিয়ায় ছিল নানা সংশয়, নানা হিসেব নিকেশ। তাহলে কি সেমি ফাইনালের আগেই বিদায় নিবে টুর্নামেন্ট ফেভারিট ভারত? স্বীকার করতে দ্বিধা নেই অনেক ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়ে ভারত প্রকৃত অর্থেই টুর্নামেন্ট জয়ের সবচেয়ে বড় দাবিদার। কখনো অভিষেক, কখনো ঈশান কিষান, কখনো সূর্য কুমার যাদব বা শিবাম ডুবে কেউ না কেউ হাল ধরে ভারতের তরী পার করেছে।
একমাত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটিতে একযোগে সবাই ব্যর্থ ছিল। কাল যখন ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৬ রানের টার্গেট তাড়া করতে অভিষেক, ঈশান, যাদব, পান্ডিয়া সবাই নড়বড়ে ছিল তখন সানজু ছিল দারুন ছন্দে। ১২ চার আর ৫ ছক্কায় ৫০ বল খেলে অপরাজিত ৯৭ ম্যাচ জয়ে মুখ্য ভূমিকা রাখলো।
টুর্নামেন্ট জুড়ে ভালো ক্রিকেট উপহার দেওয়া ওয়েস্ট ইন্ডিজ আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছন্দ হারিয়ে ভারতকে টুর্নামেন্টে টিকে থাকার লাইফ লাইন দিয়েছিল। কাল কিন্তু প্রথম ব্যাটিং করে ১৯৫/৪ একেবারে কম রান করেনি। হয়ত পরিস্থিতি বিচারে আরো ২০-২৫ রান হলেও হতে পারতো। সূচনাকারী ব্যাটসম্যান রোস্টন চেজ (৪০), শাই হোপ (৩২) করে ইনিংসকে শক্ত ভিত্তি দিয়েছিল। শেষ দিকে অবিচ্ছিন্ন ৫ম উইকেট জুটিতে জেসন হোল্ডার (৩৭*) আর রোভমান পাওয়েল (৩৪*) করে ৭৬ রান জুড়ে লড়াকু ১৯৫/৪ করায় ভূমিকা রেখেছিল।
স্নায়ুক্ষয়ী এই একটা ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ভারতের হয়ে বীরের মতোই লড়াই করে স্বস্তির জয় এনে দিয়েছে ম্যাচ সেরা সানজু স্যামসন।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ ১৯৫/৪ (রোস্টন চেজ ৪০, জেসন হোল্ডার ৩৭*, রোভমান পাওয়েল ৩৪*, শাই হোপ ৩২*। জাসপ্রিত বুমরা ২/৩৬)
ভারত ১৯৯/৫: ১৯.২ ওভার (সানজু স্যামসন ৯৭*, তিলক ভার্মা ২৭। জেসন হোল্ডার ২/৩৮, সামার জোসেফ ২/৪২)
ভারত ৫ উইকেটে জয়ী। ম্যাচের সেরা খেলোয়াড়: সানজু স্যামসন।