ঢাবিতে ‘ঘনঘটা-২’: নৃত্যে-সুরে বর্ষা উদযাপন, বন্যার্তদের পাশে সহমর্মিতার বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা প্রাঙ্গণে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত নৃত্য উৎসব ‘ঘনঘটা-২’। বর্ষার সৌন্দর্য, বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে উদযাপন করে আয়োজিত এ উৎসবে শত শত দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

আর্থী আহমেদ ড্যান্স একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যৌথ আয়োজনে সকাল ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে তিন বছর থেকে ৭০ বছর বয়সী ৩০০-এর বেশি নৃত্যশিল্পী অংশ নেন।

বর্ষার ছন্দ, রঙ ও আবেগকে উপজীব্য করে পরিবেশিত বিভিন্ন কোরিওগ্রাফিতে ফুটে ওঠে বাংলার প্রকৃতি, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের নানা অনুষঙ্গ। রঙিন ঐতিহ্যবাহী পোশাকে খোলা আকাশের নিচে শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তহবিল সংগ্রহ করা হয়। এ জন্য অনুষ্ঠানস্থলে দুটি মোবাইল অনুদান বুথ স্থাপন করা হয়, যেখানে দর্শনার্থীরা স্বেচ্ছায় অনুদান প্রদান করেন।

আয়োজকদের মতে, ‘ঘনঘটা-২’-এর উদ্দেশ্য ছিল বর্ষার সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধকে আরও জাগ্রত করা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 − 7 =