তেলের সংকট নেই, দু’দিন সরবরাহ বন্ধ থাকায় চাপ তৈরি হয়েছে: জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দু’দিন তেল সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে। এ নিয়ে ‘প্যানিক’ বা আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসায় কয়েকটি সংবাদমাধ্যমকে জ্বালানি মন্ত্রী বলেন, “ভর্তুকি দিয়েও গত বছরের তুলনায় পাঁচ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবে।”

জ্বালানি তেল নিয়ে বাজারে যে চাপ তৈরি হয়েছে, তা স্থায়ী কোনো সংকট নয় জানিয়ে তিনি বলেন, “এটি মূলত ঈদকে ঘিরে সাময়িক পরিস্থিতির ফল। দেশে তেলের কোনও সংকট নেই এবং সরবরাহ অব্যাহত রয়েছে। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাজারে যাতে কোনও অস্থিরতা না তৈরি হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

ইরান যুদ্ধের জেরে অস্থির দেশের জ্বালানির বাজার। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এরপরই তেলের বিষয়ে রেশনিং ব্যবস্থা চালু করে সরকার। তবে, ঈদের কয়েকদিন আগেই সেই রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়। ধারণা করা হচ্ছিল, ঈদের সময় ও এরপরে তেলের সমস্যা সমাধান হয়ে যাবে।

তবে, এখনও প্রয়োজন মত তেল পাচ্ছে না যানবাহন চালকেরা। এরই মধ্যে জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 + four =