দুবাইয়ে আটকে থাকা বলিউড অভিনেত্রী সহায়তা চাইলেন মোদির

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় বলিউড অভিনেত্রী সোনাল চৌহান দুবাইয়ে আটকে পড়েছেন। ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় দেশে ফেরার অনিশ্চয়তায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সহায়তা চেয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ‘জান্নাত’ খ্যাত এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়ে একটি পোস্ট করেন।

পোস্টে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চলমান সংকটের মধ্যে আমি এই মুহূর্তে দুবাইয়ে আটকে আছি। সব ফ্লাইট বাতিল হয়ে গেছে এবং দেশে ফেরার কোনো উপায় দেখছি না। নিরাপদে দেশে ফেরার জন্য সরকারের সহায়তা কামনা করছি। সরকারের যেকোনো সাহায্য পেলে আমি কৃতজ্ঞ থাকব।’

এদিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বহু যাত্রী একই সমস্যায় পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, টার্মিনালজুড়ে উপচে পড়া ভিড় এবং উৎকণ্ঠিত যাত্রীরা পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইরান ও ইরাকের আকাশসীমা আংশিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানপথে একাধিক ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে বিমান সংস্থাগুলো।

ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো জানিয়েছে, তারা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে যাত্রীদের নিয়মিত অফিসিয়াল আপডেট দেখার পরামর্শ দিয়েছেন। নিরাপদ আকাশপথ পুনরায় চালু হলেই ফ্লাইট স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + ten =