দুর্নীতি তদন্তে নেপালের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

নেপালের সাবেক জ্বালানিমন্ত্রীকে অর্থপাচার তদন্তের অংশ হিসেবে রোববার গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নতুন সরকার ক্ষমতায় আসার পর উচ্চপর্যায়ের একাধিক গ্রেপ্তারের ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা। এর আগে সাবেক প্রধানমন্ত্রীও আটক হয়েছেন। খবর বাসস

এই ঘোষণা আসে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ শপথ নেওয়ার দুই দিন পর। ২০২৫ সালের প্রাণঘাতী দুর্নীতিবিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হওয়ার পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে শাহ’র দল ভূমিধস বিজয় পায়।

কাঠমান্ডু থেকে এএফপি জানায়, শনিবার ভোরে পরিচালিত অভিযানে ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিক্ষোভ দমনে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যেখানে অন্তত ৭৬ জন নিহত হয়।

রোববার সাবেক জ্বালানিমন্ত্রী দীপক খড়কাকে ‘অর্থপাচার সংক্রান্ত মামলায়’ আটক করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর মুখপাত্র শিবা কুমার শ্রেষ্ঠ।

বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী সুদান গুরুং বলেন, গত বছরের অস্থিরতার সময় তার বাসা থেকে উদ্ধার হওয়া অর্থের তদন্তের সঙ্গেই খড়কার গ্রেপ্তার জড়িত।

সেই সময় খড়কার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসার ভেতর পাওয়া টাকা বিক্ষোভকারীরা আকাশে ছুড়ে দিচ্ছে।

ওলি ও লেখাকের গ্রেপ্তার হয় একটি তদন্ত কমিশনের সুপারিশের পর, যেখানে বলা হয় চারবারের প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, কারণ তারা নিরাপত্তা বাহিনীর গুলি চালানো ঠেকাতে ব্যর্থ হন।

গত সেপ্টেম্বরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ থেকে এই আন্দোলনের সূচনা হলেও, এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্দশা নিয়ে জনঅসন্তোষও ছিল।

পরদিনই এটি সারা দেশে ছড়িয়ে পড়ে; সংসদ ও সরকারি দপ্তরে অগ্নিসংযোগ হয় এবং শেষ পর্যন্ত ওলির সরকারের পতন ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 4 =