পপতারকা শাকিরার ভারত সফর বাতিল 

এপ্রিলে ভারতে সংগীত সফরে আসার কথা ছিল পপতারকা শাকিরার। শুরু হয়েছিল টিকিট বিক্রি। তবে শেষ মুহূর্তে ইরান যুদ্ধের কারণে শাকিরার কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।

প্রথমে ভারতে দুটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল শাকিরার। শাকিরার কনসার্টের ঘোষণার পর দর্শকের আগ্রহ বাড়তে থাকে, ফলে আরও একটি কনসার্ট যুক্ত করা হয়। পরবর্তীকালে চূড়ান্ত হয় এপ্রিলের ১০, ১১ তারিখ মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে পারফর্ম করবেন শাকিরা। চড়া দামে বিক্রি হচ্ছিল টিকিট। কিন্তু ইরান যুদ্ধের কারণে বদলে গেল সব পরিস্থিতি।

আগামী পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যেই কনসার্টের টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। শাকিরার কনসার্টের টিকিটের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিলেও আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, শাকিরার কনসার্ট অনুষ্ঠান স্থগিত হলেও বাতিল নয়। পরে নতুন তারিখ ঠিক হলে তা জানিয়ে দেওয়া হবে।

কনসার্ট স্থগিত হওয়ার কারণ জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তের ভূরাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরাসরি না বললেও এটা স্পষ্ট যে ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে, শিল্পী ও দর্শকদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শাকিরার ভারত সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ ২০০৭ সালে ভারতে কনসার্ট করেছিলেন শাকিরা। যদিও সম্প্রতি এক বিশেষ পারিবারিক অনুষ্ঠানে ভারতীয় দর্শকের জন্য গান গেয়েছিলেন, সেটি দেশের বাইরে হয়েছিল। ফলে এবারের সফর ঘিরে দর্শকের প্রত্যাশা ছিল অনেক বেশি।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − ten =